জঙ্গিমুক্ত সিরীয় শহরে ফিরছে উদ্বাস্তুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক থেকে সীমান্তবর্তী সিরীয় শহর তাল আবিয়াদে ফিরতে শুরু করেছে উদ্বাস্তুরা। কুর্দি যোদ্ধারা শহরটিকে জঙ্গিমুক্ত করার পর গতকাল বুধবার উদ্বাস্তুদের প্রথম দলটি ফিরে আসে। খবর এএফপির।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তাল আবিয়াদ থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হটাতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা করে আসছিল কুর্দি যোদ্ধারা। এতে করে শুরু হওয়া প্রচণ্ড লড়াইয়ের জের ধরে শহরটির ২৩ হাজারের বেশি বাসিন্দাকে প্রতিবেশী তুরস্কে পালিয়ে যেতে হয়। কুর্দি ও তাদের সিরীয় বিদ্রোহীরা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলার সুযোগ নিয়ে গত ১১ জুন জঙ্গিদের বিরুদ্ধে প্রচণ্ড আক্রমণ শুরু করে। দুই দিনের চেষ্টায় শহরটিকে পুনরুদ্ধার করতে সক্ষম হয় তারা।
ওই এলাকায় থাকা একজন সাংবাদিক জানান, নারী ও শিশুসহ ২০০ উদ্বাস্তু গতকাল তুরস্ক থেকে তাল আবিয়াদে এসে পৌঁছায়। সীমান্ত পেরোনোর সময় তারা বলেছে, নিজ শহরে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলেও ভিন দেশে উদ্বাস্তু হয়ে থাকার চেয়ে বাড়িতে ফেরাই শ্রেয়।
মাহমুদ নামের একজন কৃষক বলেন, পবিত্র রমজানের কারণে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। ফাহরিয়া (৪০) নামের একজন গৃহিণী বলেন, আইএস শহরটিতে ফিরতে পারে, সেই আশঙ্কা রয়েছে। আবার মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার আতঙ্কও আছে। তবুও তিনি বাড়ি ফিরতে চান।