জটিল অনেক বিষয় এখনো অমীমাংসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় অগ্রগতি হলেও জটিল অনেক বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের মধ্যে গতকাল মঙ্গলবার আবার সুইজারল্যান্ডের লুসান শহরে আলোচনা শুরু হয়। বিশ্বশক্তিগুলোর সঙ্গে একটি চুক্তির বিষয়ে চলতি মাসের শেষ নাগাদ সমঝোতায় পৌঁছানোর জোর চেষ্টা চলছে। খবর রয়টার্স ও এএফপির।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সুইজারল্যান্ডের লুসানে আলোচনায় যোগ দেওয়ার আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এরপর গতকাল কেরি ও জারিফ ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা বিষয়ে দীর্ঘ প্রতীক্ষিত চুক্তিটির রূপরেখা নিয়ে আবার আলোচনা করেন। তাঁদের আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানানো হয়। তবে পশ্চিমা একজন কূটনীতিক রয়টার্সের কাছে মন্তব্য করেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ে আলোচনা চলতি মাসের মধ্যেই সমঝোতায় পৌঁছানোর মতো পর্যায়ে এখনো পৌঁছায়নি। চুক্তিটির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেউ কেউ এবং ইরানের কট্টরপন্থীরা আপত্তি জানিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলও এর ঘোর বিরোধিতা করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জারিফ নিজ দেশের সংবাদ সংস্থা ইরনাকে বলেন, কয়েকটি বিষয়ে তাঁরা সমাধানের কাছাকাছি পৌঁছে গেছেন। আর তার ভিত্তিতে বলা যায়, সমাধান নাগালের মধ্যেই রয়েছে। একই সঙ্গে বলতে হয়, কয়েকটি বিষয়ে তাঁদের মতপার্থক্য রয়ে গেছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহিও বেশ আশাবাদ প্রকাশ করেন। লুসানে মার্কিন জ্বালানিমন্ত্রী আর্নেস্ট মনিজের সঙ্গে আলোচনার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা কারিগরি বিষয়গুলোতে অগ্রগতি করতে পেরেছি। দু-একটা বিষয় এখনো অমীমাংসিত। এগুলো নিয়ে আলোচনা করতে হবে।’

ইরানের গণমাধ্যমে গতকাল খবর বের হয় যে, ‘৯০ শতাংশ কারিগরি’ বিষয়ে মতৈক্য হয়েছে বলে জানিয়েছেন সালেহি। তিনি আরও বলেন, ‘একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। আজ বিকেলের আলোচনায় তা মীমাংসা করার চেষ্টা করব আমরা।’

ইরান বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ছয় পরাশক্তির সঙ্গে কয়েক দফা আলোচনায় অংশ নিয়েছে। ছয় পরাশক্তি হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং এর বাইরে জার্মানি।

পশ্চিমা দেশগুলোর সন্দেহ, শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে ইরান আসলে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে চাইছে। তবে তেহরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলছে, জ্বালানি উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা ওই কর্মসূচি চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সমঝোতায় পৌঁছানোর জন্য ইরানকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা এ ব্যাপারে চেষ্টা অব্যাহত রেখেছেন। কিন্তু সত্যি কথা হলো, ব্যাপারটা সম্ভব হবে কি না, তাঁরা এখনো জানেন না।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়াস ব্রাসেলসে সোমবার বলেন, আলোচনায় অগ্রগতি হলেও ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ অমীমাংসিত রয়ে গেছে।

ছয় পরাশক্তির সঙ্গে ইরান চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছালে দেশটিকে অন্তত ১০ বছরের জন্য তাদের পরমাণু কর্মসূচির সবচেয়ে সংবেদনশীল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। বিনিময়ে তাদের ওপর আরোপিত পশ্চিমা বিভিন্ন অবরোধ পর্যায়ক্রমে শিথিল করা হবে। সমঝোতা হয়ে গেলে এ ব্যাপারে চুক্তিটির কৌশলগত দিকগুলো আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত হবে।