
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, কাতারের বিরুদ্ধে সৌদি জোটের চলমান অবরোধ তাঁর দেশের জন্য বড় সুযোগ বয়ে এনেছে। দেশের জনগণ ও সর্বস্তরে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, চলমান অবরোধ ও সংকট নিরসনে কাতার সব সময় আলোচনার জন্য প্রস্তুত।
গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় কাতারের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে আমির এ কথা বলেন। গত ৫ জুন অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম তিনি জনসাধারণের উদ্দেশে ভাষণ দিলেন।
কাতারের আমির বলেন, ‘অবরোধের কারণে আমরা এখন স্বনির্ভর হওয়া ও অর্থনৈতিকভাবে নিজেদের আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সব সমস্যা ও সম্ভাবনা খুঁজে বের করছি; সেসব কাজে লাগাচ্ছি। ফলে অবরোধ আমাদের জন্য ক্ষতির চেয়ে উপকার বেশি বয়ে এনেছে।’
কাতারের আমির বলেন, চলমান অবরোধ ও সংকট নিরসনে কাতার সব সময় আলোচনার জন্য প্রস্তুত। তবে এর জন্য দুটি শর্ত রয়েছে। প্রথমটি হলো প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে। দ্বিতীয়টি হলো আলাপ-আলোচনায় এক দেশ অন্য দেশের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না।
কাতারের আমির এই অবরোধকে ‘অভূতপূর্ব’ উল্লেখ করে এটিকে চারিত্রিক পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেন। অবরোধকারী দেশগুলো প্রসঙ্গে তিনি বলেন, তারা ভেবেছিল, এই পৃথিবীতে শুধু তারাই বসবাস করে। তারা ভেবেছিল, অর্থ দিয়ে সবকিছু কিনে নেওয়া যায়। এটা ছিল তাদের ভুল। সবার কাছে পরিষ্কার যে এটি ছিল পূর্বপরিকল্পিত। তারা বুঝতে পারেনি, বিশ্ববাসী এত সহজে এই অন্যায় মেনে নেবে না। মানুষ এসব বিভ্রান্তিকর মিথ্যা কখনোই গ্রহণ করবে না।
বিশ্বের অন্যান্য দেশ এবং সংস্থা তাদের স্মরণ করিয়ে দিয়েছে, এই পৃথিবীতে তারাই কেবল বসবাস করে না। তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, অনেক দরিদ্র এবং অনুন্নত দেশেরও নিজস্ব মতামত থাকতে পারে। রাজনৈতিক মতভিন্নতার কারণে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার এই নিন্দনীয় রীতি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, এর ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
কাতারের আমির বলেন, ‘আমরা মর্মাহত হয়েছি যখন দেখেছি, আমাদের প্রতিবেশী কয়েকটি দেশ কীভাবে আমাদের নাগরিকদের তাড়িয়ে দিয়েছে। কাতার সম্পর্কে অব্যাহত মিথ্যাচারে মেতেছে।’ তিনি এসব অপপ্রচারকে সব ধরনের আইনের লঙ্ঘন ও নৈতিকতা বহির্ভূত কাণ্ড হিসেবে আখ্যায়িত করেন।
জঙ্গিবাদ দমন প্রসঙ্গে কাতারের আমির বলেন, কাতার কোনো বিকল্প ছাড়া সন্ত্রাসবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাতারের এই ভূমিকার প্রতি আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি, সমর্থন ও প্রশংসা রয়েছে। এই সন্ত্রাসবাদ দমনে কাতারের অংশগ্রহণ প্রাচ্য কিংবা পাশ্চাত্যের কাউকে খুশি করার জন্য নয়। বরং এটা এই জন্য যে কাতার মনে করে জঙ্গিবাদ মানেই নিরীহ সাধারণ মানুষের ওপর সীমালঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ। ধর্ম কখনো জঙ্গিবাদের উৎস হতে পারে না উল্লেখ করে আমির বলেন, উগ্র মতবাদ ও চিন্তা থেকে এ সমস্যার সূত্রপাত। তিনি প্রত্যাশা করেন, আলোচনার মাধ্যমে খুব দ্রুত এই সমস্যা সমাধানে অবরোধকারী দেশগুলো এগিয়ে আসবে।
চলমান সংকট সমাধানে কুয়েতের মধ্যস্থতার প্রশংসা করেন কাতারের আমির। এই উদ্যোগ সুফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। তুরস্কসহ অন্য যেসব দেশ কাতারকে সহযোগিতায় এগিয়ে এসেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান কাতারের আমির।