জনপ্রিয়তার তুঙ্গে দুতার্তে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার প্রথম তিন মাসে রদ্রিগো দুতার্তে জনপ্রিয়তার শিখরে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত একটি নিরপেক্ষ জরিপে এ তথ্য উঠে আসে। বেফাঁস কথাবার্তা ও নির্মম অপরাধ দমন পদ্ধতির জন্য দেশে-বিদেশে নিন্দিত হয়েছেন প্রেসিডেন্ট দুতার্তে। কিন্তু সোশ্যাল ওয়েদার স্টেশন নামক ম্যানিলাভিত্তিক জনমত জরিপ সংস্থার জরিপে ৭৬ শতাংশ ফিলিপিনো দুতার্তের কাজে ‘সন্তুষ্ট’ বলে জানান। অসন্তুষ্টির কথা বলেন ১১ শতাংশ নাগরিক। বাকিরা সিদ্ধান্ত দেননি। প্রেসিডেন্ট দুতার্তের মুখপাত্র এরনেস্তো আবেল্লা বলেন, তাঁর (প্রেসিডেন্ট) কাজে জনগণের আস্থা রয়েছে। দুতার্তের চালানো কঠোর মাদকবিরোধী অভিযানসহ দমন-পীড়নে ইতিমধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে তিন হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে।
এএফপি