জন্মদিনে জনসমক্ষে কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্মদিন উপলক্ষে হাভানার কার্ল মার্ক্স থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে কাস্ত্রোর (বাঁয়ে) সঙ্গে কথা বলছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। পাশে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস l রয়টার্স
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্মদিন উপলক্ষে হাভানার কার্ল মার্ক্স থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে কাস্ত্রোর (বাঁয়ে) সঙ্গে কথা বলছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। পাশে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস l রয়টার্স

তিনি যখন ক্ষমতায় ছিলেন, সেই সময় থেকে আজকের কিউবার অনেক কিছুই পাল্টেছে। তবে পাল্টায়নি তাঁর প্রতি দেশের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা। সেই ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর ৯০তম জন্মদিনে জনসমক্ষে হাজির হলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো।
সাদা ট্রাউজার পরে হাভানার কার্ল মার্ক্স থিয়েটারে শিশুদের একটি অনুষ্ঠান উপভোগ করেন ফিদেল কাস্ত্রো। দুই পাশে ছিলেন ভাই ও কিউবার বর্তমান নেতা রাউল কাস্ত্রো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। এর আগে সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল গত ১৯ এপ্রিল।
বিপ্লবী নেতা হিসেবে অনেকের কাছে বীর তিনি। আবার একনায়ক হিসেবে নিন্দাও আছে তাঁর।
তাঁর ৪৮ বছর ধরে ক্ষমতায় থাকার সময় যুক্তরাষ্ট্রের ১০ জন প্রেসিডেন্টকে মোকাবিলা করেছেন। কিন্তু কাস্ত্রো ক্ষমতা ছেড়ে দেওয়ার এক দশকের মধ্যে কিউবার আগের অবস্থানের পরিবর্তন হয়েছে। এখন সরকারিভাবে যুক্তরাষ্ট্র আর কিউবার শত্রু নয়।
শ্মশ্রুমণ্ডিত, বয়সের ভারে ন্যুব্জ এখন ৯০ বছরের মানুষটি। কিন্তু রাইফেল হাতে পাহাড়ে-পর্বতে লড়াইরত কাস্ত্রোর ছবিই মানুষের স্মৃতির পটে আঁকা। এখন তাঁর সময় কাটে একান্তে, সবার দৃষ্টিসীমার বাইরে। যদিও হাভানার পথে পথে বিলবোর্ডে বিপ্লবী কাস্ত্রোর হাস্যোজ্জ্বল ছবি অমলিন। গত শুক্রবার রাতে জন্মদিন উপলক্ষে দেওয়া এক চিঠিতে কাস্ত্রো আবারও প্রমাণ করলেন, পুরোনো আগুন এখনো তাঁর ভেতরে রয়ে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত চিঠিতে আগের শত্রু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করলেন। গত মে মাসে জাপান সফরের সময় ওবামা ক্ষমা না চাওয়ায় এই সমালোচনা। এ ছাড়া প্রেসিডেন্ট থাকার সময় তাঁকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের একের পর এক পরিকল্পনার কথাও স্মরণ করলেন। কিউবার গোয়েন্দা সংস্থার দাবি, অন্তত ৬০০ বার কাস্ত্রোকে হত্যার চেষ্টা করা হয়। কাস্ত্রো বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টদের ম্যাকিয়াভেলীয় পরিকল্পনা আমাকে হাসাত।’
গতকাল রোববার ফিদেল কাস্ত্রোর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তায় পুতিন বলেন, ‘রুশ জনতা আপনার প্রতি শ্রদ্ধায় অবনত। আপনি আপনার সমগ্র জীবন কিউবার মানুষের জন্য উৎসর্গ করেছেন।’