জন্মহার বাড়াতে সরকারি ঘটকালি!
জাপানে কয়েক বছর ধরেই জন্মহার নিম্ন। দেশটির সরকার বিষয়টি নিয়ে তাই চিন্তায় পড়েছে। জন্মহার বাড়াতে এবার রাষ্ট্রীয় উদ্যোগেই ঘটকালির ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিবিসি অনলাইনের আজ শনিবারের খবরে জানানো হয়, স্থানীয় সরকার কর্তৃপক্ষ স্প্রিড ডেটিং (পরিচিত-অপরিচিত অনেক ব্যক্তির একত্রে মিলিত হওয়া) অথবা বিভিন্ন ধরনের ঘটকালির উদ্যোগ নিলে সরকার তাদের সহয়তা করবে। দেশে শিশুর সংখ্যা বাড়াতে এমন খসড়া করা হয়েছে।
চলতি মাসের শেষের দিকে জাপানের মন্ত্রিসভা পরিকল্পনাটি অনুমোদন করবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান সময় থেকে ২০২০ সাল পর্যন্ত নিম্ন জন্মহার হলে দেশটি ‘জটিল অবস্থার’ মধ্যে পড়তে পারে। এতে সমাজ ও অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
পরিকল্পনা মোতাবেক, বিয়ের কিছু দিনের মধ্যেই দম্পতিদের বাচ্চা নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে চায় সরকার। এ জন্য সরকার দেশব্যাপী শিশু পরিচর্যা ব্যবস্থার উন্নতি ও সহজলভ্যকরণ এবং গর্ভকালীন চিকিৎসার জন্য কাউন্সেলিং সেন্টারের ব্যবস্থা করবে।
জাপান সরকার ২০২০ সালের মধ্যে শতকরা ৮০ ভাগ জন্মহার বাড়াতে চায়। এ জন্য পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হচ্ছে। ২০১৪ সালে চতুর্থবারের মতো দেশটিতে ধারাবাহিকভাবে জন্মহার কমেছে। এর কারণ হিসেবে শিশু লালনপালনে অধিক খরচ, বিভিন্ন চাকরিতে নারীরা কর্মরত থাকায় ও একা থাকার প্রবণতাকে চিহ্নিত করা হয়েছে।