জন্মের পর থেকে 'কারাগারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ২৪ বছরের জীবনে আমি সব সময়ই ছিলাম কয়েদি, এই উন্মুক্ত কারাগারে, আপনারা যাকে রাখাইন রাজ্য নামে চেনেন।

মিয়ানমারে আমার জন্ম। কিন্তু আমি (মায়ের) গর্ভে আসার আগেই আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়।...

আমার চলাফেরা, শিক্ষা, স্বাস্থ্যসেবাপ্রাপ্তি ও জীবিকা—কঠোর বাধানিষেধের আওতায়, শুধু আমার নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে। সরকারি চাকরি করতে পারি না, উচ্চতর শিক্ষা নিতে পারি না, রাজধানী ইয়াঙ্গুনে যেতে পারি না, এমনকি রাখাইন রাজ্য ছেড়েও যেতে পারি না। এসবই হয় আমি রোহিঙ্গা বলে, রোহিঙ্গা মুসলিম বলে।

বছরের পর বছর ধরে, আমার লোকেরা, যারা মৌলিক অধিকার পায় না, তারা প্রায় নিত্যনৈমিত্তিকভাবে খুন হচ্ছে। গুলি করে হত্যা, জোর করে ও পর্যায়ক্রমিকভাবে গৃহহীন করা, চোখের সামনে আমাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় পালানো কিংবা আশা করা—কেউ বাড়িয়ে দেবে সাহায্যের হাত।

যখন শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি ২০১৫ সালের সাধারণ নির্বাচনে জয় লাভ করে প্রায় অর্ধশত বছরের সেনা শাসনের ইতি টানলেন, আমরা আশা করেছিলাম পরিবর্তন আসবে। দুর্ভাগ্যবশত শিগগিরই বোঝা যায়, তিনি আমাদের আওয়াজ হবেন না। তিনি আমাদের দুর্দশা দেখেও দেখবেন না। তাঁর নীরবতাই বলে দেয় এই সহিংস নির্মমতার তিনিও একজন সহযোগী। (মিয়ানমার সরকারের তোপের মুখে পড়ার ভয়ে এই চিঠির লেখক তাঁর পরিচয় প্রকাশ করতে নিষেধ করেছেন।)