জরুরি অবস্থা ঘোষণা করলেন না জাপানের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। রয়টার্স ফাইল ছবি।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। রয়টার্স ফাইল ছবি।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাপানে করোনাভাইরাস সংক্রমণের বিস্ফোরণমুখী বিস্তার না ঘটায় দেশে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। জাপানের সংসদ এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে সীমিত সময়ের জন্য জরুরি অবস্থা ঘোষণার অনুমতি দিয়ে একটি বিল প্রধান সব কটি দলের সমর্থন নিয়ে অনুমোদন করেছিল। প্রধান বিরোধী দলসহ বিরোধী শিবিরের আরও কয়েকটি দল বিরল এক পদক্ষেপ হিসেবে বিলটি সমর্থন করেছে।

তবে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, জরুরি অবস্থা ঘোষণা না করা সত্ত্বেও রোগ বিস্তারের বিরুদ্ধে সার্বক্ষণিক নজরদারি শিথিল করার কোনো রকম সুযোগ জাপানের সামনে নেই। জনগণের প্রতি মানুষের ভিড়ের এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া ছাড়াও বায়ু চলাচলহীন জায়গায় আবদ্ধ না থাকা এবং একে অন্যের ঘনিষ্ঠ যোগাযোগ যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার পরামর্শ তিনি দিয়েছেন।

করোনাভাইরাসের কারণে অর্থনীতির ওপর ক্ষতিকর প্রভাব এড়িয়ে যেতে প্রয়োজনীয় আর্থিক পদক্ষেপ গ্রহণের উল্লেখ করলেও সুনির্দিষ্ট কোনো ঘোষণা শিনজো আবে দেননি। অন্যদিকে দৃশ্যত টোকিও অলিম্পিক নিয়ে চলতে থাকা জল্পনা-কল্পনা প্রশমনের উদ্দেশ্য সামনে রেখে জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অলিম্পিকের আয়োজন দেখতে তিনি আগ্রহী। চলতি মাসের ২৬ তারিখে ফুকুশিমা জেলায় অলিম্পিকের মশালদৌড় শুরু হওয়ার মধ্যে দিয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জাপান পর্বের সূচনা প্রত্যক্ষ করার আশা করছেন তিনি।

এদিকে অলিম্পিকের আয়োজন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। অলিম্পিক মশাল প্রজ্বালন করার অনুষ্ঠান গত বৃহস্পতিবার গ্রিসের প্রাচীন শহর অলিম্পিয়ায় অনুষ্ঠিত হয়। কিন্তু মশালদৌড় স্পার্টা শহর অতিক্রম করার পর জনতার অপ্রত্যাশিত ভিড়ের কারণে দৌড়ের অবশিষ্ট অংশ গ্রিসের অলিম্পিক কমিটি বাতিল করে দিয়েছে। অলিম্পিক কমিটি এর আগে প্রচারিত এক ঘোষণায় করোনাভাইরাসের বিস্তারের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসেবে মশালদৌড় দেখার জন্য অযথা ভিড় না করার উপদেশ জনগণের প্রতি জানিয়েছিল। তবে কমিটি এখন বলছে গ্রিসের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে সমন্বয় করে মশালদৌড় বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কমিটি নিয়েছে।

অন্যদিকে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি বলছে, গ্রিসে ঐতিহ্যবাহী মশালদৌড় বাতিল হয়ে গেলেও চলতি মাসের ১৯ তারিখে এথেন্স স্টেডিয়ামে মশাল হস্তান্তর আয়োজন নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির অনুমতি দেওয়া হবে না। অলিম্পিক মশাল এরপর এক বিশেষ বিমানে ফুকুশিমায় নিয়ে আসা হবে এবং সেখানে চলতি মাসের ২৬ তারিখে মশালদৌড়ের জাপান পর্ব শুরু হওয়ার মধ্য দিয়ে সূচনা হবে ২০২০ অলিম্পিক প্রতিযোগিতার।

টোকিও অলিম্পিক কমিটি ও জাপান সরকার অলিম্পিকের আয়োজন নিয়ে এখনো আশাবাদী। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চাইছে, নির্ধারিত সময়েই অলিম্পিক যেন অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করে নিতে। কারণ, তা করতে না পারলে হাজার কোটি ডলারের টেলিভিশন সম্প্রচার চুক্তি বজায় রাখা সম্ভব হবে না। এর ফলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে। অন্যদিকে বিভিন্ন দেশের সরকার করোনাভাইরাসের বিস্তারের মুখে অলিম্পিক স্থগিত রাখার আওয়াজ তুলছে। ফলে টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।