জরুরি অবস্থার বিভ্রান্তি এখনো কাটিয়ে উঠতে পারেনি জাপান

জাপানে জরুরি অবস্থা কার্যকর হওয়ার দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার নতুন নির্দেশনার আওতাধীন সাতটি জেলার মধ্যে মেট্রোপলিটন টোকিওসহ চারটি জেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার উচ্চ হার লক্ষ করা গেছে। দেশজুড়ে ৫৭৫টি নতুন চিহ্নিত সংক্রমণের মধ্যে ১৮১টি শনাক্ত করা হয় টোকিওতে। ৯২টি সংক্রমণ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ওসাকা জেলা। উল্লেখ্য, ওসাকায় এর আগ পর্যন্ত দিনের সর্বোচ্চ হিসাব ছিল ৫৩টি।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার জাপান সাগরের তীরবর্তী শিমানে জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে। দেশের ৪৭টি জেলার মধ্যে করোনামুক্ত জেলার সংখ্যা কমে এখন মাত্র দুটিতে এসে ঠেকেছে। পশ্চিম জাপানের তত্তোরি ও উত্তর-পূর্ব জাপানের ইওয়াতে জেলা এখনো সংক্রমণমুক্ত আছে।
এদিকে জরুরি অবস্থার আওতায় কোন ব্যবসা খোলা থাকবে এবং কোনটা নয়—সেই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে টোকিও মেট্রোপলিটন প্রশাসনের টানাপোড়েন চলতে থাকার মুখে টোকিওর গভর্নর ইয়ুরিকো কোইকে গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন রাজধানীর সব রেস্তোরাঁ রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি পাবে। এ ছাড়া সন্ধ্যা ৭টার পর মদ বা মদ জাতীয় পানীয় বিক্রি করা যাবে না। শুক্রবার মধ্যরাত থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে কোইকে উল্লেখ করেছেন। ক্ষুদ্র ব্যবসাকে সংকটের মুখে পড়া থেকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নেওয়া হলেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভীতির মুখে রেস্তোরাঁ বা পানশালায় কতজন যাবেন, তা নিয়ে সন্দেহ রয়ে গেছে।
টোকিওতে সকালের ভিড় এখন প্রায় ৬০ শতাংশ কমে এসেছে। সন্ধ্যার পর সুপারমার্কেটে কেনাকাটা করতে যাওয়া লোকজনের বাইরে খুব বেশি জনসমাগম ইদানীং দেখা যাচ্ছে না। এদিকে নাগোইয়া জেলার গভর্নর নিজে উদ্যোগী হয়ে তাঁর জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই ঘোষণার আইনগত ভিত্তি না থাকলেও গভর্নর আশা করছেন, তাঁর জেলায় সংক্রমণ কমিয়ে আনার প্রচেষ্টায় নাগরিকদের অংশগ্রহণ এটা সহজ করে দেবে। অন্যদিকে কিওতো জেলাও এখন জরুরি অবস্থার আওতাধীনে আসার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সাফল্যের দিকে দৃষ্টিপাত
করোনাভাইরাসের সংক্রমণ সামাল দেওয়ায় দক্ষিণ কোরিয়ার সাফল্যের দিকে জাপানের সংবাদমাধ্যম এখন নজর দিতে শুরু করেছে। গত মাসের ২০ তারিখে ব্যাপক সংক্রমণ শুরু হওয়ার পর আজ শুক্রবার দেশটিতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত মানুষের দৈনিক হিসাব ৩০-এর নিচে নেমে এসেছে। সবচেয়ে বেশি সংক্রমণ যে শহরে দেখা গিয়েছিল, সেই দেগুতে আজ নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন সামাজিক মাধ্যমে প্রচারিত বিবৃতিতে দেগুর জনগণের ত্যাগ ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেছেন, তাঁদের সেই ত্যাগের কল্যাণেই শহরে করোনাভাইরাসের সংক্রমণ শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী কার এবং কিসের সংস্পর্শে এসেছিলেন, সে রকম বিভিন্ন উপাত্তের বিশ্লেষণ ও কৃত্রিম মেধার সমন্বয় ঘটিয়ে নতুন একটি ব্যবস্থা চালু করেছে দক্ষিণ কোরিয়া। এর মধ্য দিয়ে ১০ মিনিটের কম সময়ে করোনাভাইরাস বিস্তারের পথের সন্ধান পাওয়া সম্ভব। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম মেধা কাজে লাগানোর আগে সনাতন প্রক্রিয়ায় পথের সন্ধান পেতে কম করে হলেও ২৪ ঘণ্টা লেগে যেত। তবে রোগীর ব্যক্তিগত তথ্যাবলি ও অন্যান্য গোপনীয়তা যেহেতু উপাত্তের অংশ হিসেবে ব্যবহার করা হতে পারে, ফলে সেসব তথ্য যেন ফাঁস হয়ে না যায় সে জন্য সংরক্ষিত তথ্যের কঠোর নিরাপত্তাব্যবস্থাও এতে যুক্ত রাখা হয়েছে।
নতুন এই ব্যবস্থার পরিচিতি ও এর কার্যকারিতা তুলে ধরার জন্য দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়, বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় এবং কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র আজ শুক্রবার সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই সংবাদ সম্মেলনে কোরিয়ার বাইরে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের অনলাইনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল।
নতুন এই ব্যবস্থা অন্যান্য দেশের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার চিন্তাভাবনা দক্ষিণ কোরিয়া করছে কি না—সংবাদ সম্মেলনে প্রথম আলোর টোকিও প্রতিনিধি তা জানতে চেয়েছিলেন। উত্তরে উভয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, কোভিড-১৯ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় এর বিস্তার রোধে কার্যকর সম্মিলিত পদক্ষেপের অংশ হিসেবে সে রকম সম্ভাবনা তাঁরা নাকচ করে দিচ্ছেন না। তবে যেহেতু সর্বাধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এর সঙ্গে যুক্ত, ফলে আগ্রহী দেশগুলোর উন্নত আইটি কাঠামো থাকা দরকার।