জর্ডানি নারীর 'গোলাপি ট্যাক্সি' চ্যালেঞ্জ

ট্যাক্সিতে ওঠার আগে তেল ও পানি পরীক্ষা করেন নাসরিন আকুবেহ। এরপর জর্ডানের রাজধানী আম্মানের ব্যস্ত রাস্তায় গাড়ি ছোটান।
আম্মানের অলিগলিতে গোলাপি শার্ট আর নীল টাই পরে অনায়াসে ট্যাক্সি চালান নাসরিন। রক্ষণশীল মুসলিম সমাজের নিয়মের বেড়াজাল টপকে ট্যাক্সি চালানোর পেশা বেছে নিয়েছেন তিনি। দিনে ১০ ঘণ্টা চালান। বললেন, ‘লাজের সংস্কৃতি ভেঙে আরব সমাজকে আমি দেখিয়ে দিতে চাই—নারীরাও সবল। নারীরা যেকোনো ক্ষেত্রে কাজ করতে পারে। দেখাতে চাই—যেসব ক্ষেত্র পুরুষেরা কুক্ষিগত করে রেখেছে, সেসব ক্ষেত্রেও নারী কাজ করতে সক্ষম।’
নাসরিন বলেন, যেখানে দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত গাড়ি চালাতে নারীর অসুবিধা হয় না, সেখানে ট্যাক্সি চালাতে পারবে না কেন?
নাসরিনের বয়স ৩১ বছর। তিনি স্বামীহারা। আগে নার্সের কাজ করতেন, এখন ট্যাক্সি চালাচ্ছেন। জর্ডানের রাস্তায় নারীদের পরিচালিত ১০টি গোলাপি ট্যাক্সির (পিংক ট্যাক্সি) একটির চালক তিনি। এসব ট্যাক্সিতে কেবল নারী যাত্রীরাই ওঠেন।
গোলাপি ট্যাক্সিচালকদের বেশির ভাগ যাত্রী হলেন নার্স। অথবা রাতের পালায় কাজ করা নারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সন্তানদের দূরের স্কুলে নিয়ে যাতায়াত করা মায়েরাও এসব ট্যাক্সিতে বেশি ওঠেন। সৌদি নারীরাও তাঁর ট্যাক্সিতে ওঠেন। এসব নারীর স্বামীরা পুরুষচালিত ট্যাক্সিতে তাঁদের উঠতে দিতে চান না।
নাসরিন বলেন, আমার এত যাত্রী থাকায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। তিনি চান নারীরা ট্যাক্সিচালক হিসেবে এগিয়ে আসুক। জর্ডানের সামাজিক নিয়মের বেড়াজালে চ্যালেঞ্জ ছুড়ে দিক।
গেনা আল আসমার ১৯ বছরের শিক্ষার্থী। প্রায়ই তিনি নারীদের পরিচালিত গোলাপি ট্যাক্সিতে ওঠেন। বললেন, কেবল নারীদের চালিত ট্যাক্সিতে উঠতে তিনি বেশ নিরাপদবোধ করেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বাড়ি যেতে যেতে রাত হয়ে যায়। সে সময় নারী পরিচালিত ট্যাক্সিতেই তিনি ওঠেন। কারণ, একজন নারী আরেকজন নারীকে নিরাপদে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন।
গেনা মনে করেন না, নারীরা ট্যাক্সি চালালে লজ্জার কিছু আছে। অন্য পেশার মতো এটিও একটি পেশা। এই পেশা পুরুষদের একচেটিয়া থাকা উচিত নয়।
জর্ডানে প্রায় অর্ধলাখ নারীর গাড়ি চালানোর লাইসেন্স আছে। দেশটির ট্রাফিক বিভাগ বলছে, দেশে নারী গাড়িচালকদের সংখ্যা ২০ শতাংশ।
নাসরিন বলেন, অনেকে তাঁকে সাহস দেন। আবার অনেকে বলেন, এটা পুরুষদের কাজ। নারীদের উচিত ঘরে থাকা। সৌদি আরবের তুলনায় নারীস্বাধীনতা রক্ষায় জর্ডান তুলনামূলকভাবে বেশি উদার। সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয় না। তবে জর্ডানে এখনো অনেক রক্ষণশীল নিয়ম রয়েছে।
সরকারি চাকুরে ৫০ বছর বয়সী মোহাম্মদ আল আহমাদের কথায় তার প্রমাণ মেলে। তিনি বললেন, ‘ট্যাক্সি চালানো নারীদের জন্য সঠিক নয়। আমরা রক্ষণশীল সমাজে বাস করি। আমাদের অনেক নিয়মকানুনের বেড়াজাল রয়েছে। নারীদের জন্য অন্য অনেক চাকরি আছে।’
গোলাপি ট্যাক্সিসেবার বিনিয়োগকারীর একজন ইদ আবু আল-হাজ বলেন, ‘নারীদের ট্যাক্সি চালানোয় উৎসাহিত করা একধরনের সমাজসেবা। নারীরা বেশি সতর্ক। তাঁরা কম দুর্ঘটনা ঘটান। এসব ট্যাক্সি বিশেষভাবে নারীদের জন্য। আমরা নারীদের স্বাচ্ছন্দ্যে কাজ করার পরিবেশ তৈরি করতে চাই।’
গত ২১ মার্চ থেকে জর্ডানে এই নারী পরিচালিত ট্যাক্সিসেবা চালু হয়েছে। আরব বিশ্ব দিনটি ‘মা দিবস’ হিসেবে পালন করে। পরীক্ষামূলকভাবে মিসরের কায়রোতেও এখন নারী পরিচালিত ট্যাক্সিসেবা চালু হয়েছে।
নাসরিন বলেন, ট্যাক্সি চালিয়ে তিনি ভালো বেতন পান। তাঁর স্বাস্থ্যবিমা রয়েছে। সামাজিক নিরাপত্তা রয়েছে। ছুটির দিন রয়েছে। নিজের সুবিধামতো সময়ে তিনি কাজ করতে পারেন।
আম্মানে গাড়ি চালানো খুব সহজ কাজ নয়। সেখানে ৪০ লাখ লোকের বসবাস। শহরে ১৪ লাখ যানবাহন চলে। এর মধ্যে ১১ হাজার ট্যাক্সি। ব্যস্ত সময়ে খুব সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হয়। তবে নিজের কাজকে উপভোগ করেন নাসরিন।