জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই পুলিশ প্রশিক্ষককে হত্যা
জর্ডানে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে দুই মার্কিনসহ তিনজন প্রশিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাজধানী আম্মানের কাছে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জর্ডানের একজন পুলিশ কর্মকর্তা ওই তিনজনকে গুলি করেন বলে অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ মোমানি জানান, গুলিতে নিহত দুই মার্কিন প্রশিক্ষক বাদে অন্যজন হলেন দক্ষিণ আফ্রিকার প্রশিক্ষক। হামলাকারী পুলিশ কর্মকর্তাকে তাঁর সহকর্মীরা গুলি করে হত্যা করেন। ওই পুলিশ কর্মকর্তার হামলায় আরও দুজন মার্কিন ও জর্ডানের চারজন নাগরিক আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ওই ঘটনার পরপর জর্ডানের নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছিল, ওই পুলিশ কর্মকর্তা গুলি করে তিনজনকে হত্যার পর আত্মহত্যা করেন। মোহাম্মদ মোমানি জানান, হামলাকারী আত্মহত্যা করেননি। আম্মানের বাইরে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ওই আন্তর্জাতিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে মূলত ফিলিস্তিন ও ইরাকি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।