জর্ডানে এক সঙ্গে ১৫ জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্ডানে এক সঙ্গে ১৫ জন কয়েদির ফাঁসি কার্যকর করেছে রাজধানী আম্মানের দক্ষিণাঞ্চলীয় একটি কারা কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পর দেশটিতে এবারই একসঙ্গে এত কয়েদির ফাঁসি কার্যকর করা হলো।

কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার আম্মানের দক্ষিণাঞ্চলীয় ওই কারাগারে ১৫ কয়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন সন্ত্রাসী মামলা আসামি। বাকি পাঁচজন ধর্ষণ মামলায় অভিযুক্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছিল। সম্প্রতি জঙ্গি সংগঠন আইএস-এর তৎপরতা বেড়ে যাওয়াসহ দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় দেশটি মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ তুলে নিয়েছে।

দেশটির তথ্যমন্ত্রী মুহাম্মদ মামান সংবাদ সংস্থা পত্রাক বলেছেন, যাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাঁরা ২০০৩ সালে বাগদাদের জর্ডান দূতাবাসে হামলা, ২০০৬ সালে আম্মানর রোমান অ্যাম্ফিথয়েটারে পর্যটকদের ওপর হামলা, ২০১৬ সাল বাকা শরণার্থী শিবিরে হামলা ও গত বছর লেখক নাহিদ হাত্তারকে হত্যা মামলায় অভিযুক্ত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একসঙ্গে ১৫ জনের ফাঁসি কার্যকর করার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির বৈরুত কার্যালয়ের উপপরিচালক সামাহ হাদিদ এক বিবৃতিতে বলেছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনার মধ্য দিয়ে জর্ডান এক ধাপ পিছিয়ে গেল।