জর্ডানের সেই পাইলটকে পুড়িয়ে মারল আইএস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের হাতে আটক জর্ডানের পাইলট মোয়াজ আল কাসাসবকে পুড়িয়ে মারা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার আইএসের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, একজন লোক একটি খাঁচায় দাঁড়িয়ে আছে, আর তাঁর চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে ভিডিওটির যথার্থতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। খবর বিবিসির।
গত বছরের ডিসেম্বরে সিরিয়ার রাফায় আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযান চলাকালে বন্দী হন জর্ডান বিমানবাহিনীর সদস্য লেফটেন্যান্ট মোয়াজ আল কাসাসব। জর্ডানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, তাঁকে এক মাস আগে মেরে ফেলা হয়েছে। ভিডিওটি আইএসের প্রচার-প্রপাগান্ডার জন্য ব্যবহৃত একটি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
পাইলট মোয়াজের এক আত্মীয় রয়টার্সকে বলেন, জর্ডানের সশস্ত্র বাহিনী মোয়াজের পরিবারকে তাঁর হত্যাকাণ্ডের কথা জানিয়েছে। বিবিসির সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার বলেন, ভিডিওটি মানুষকে কষ্ট দেওয়া বা খেপিয়ে তোলার উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভিডিওটির যথার্থতা নিশ্চিত করতে কাজ করছে।