জাকার্তার গভর্নরের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় ইসলাম অবমাননার অভিযোগে জাকার্তার গভর্নর বাসুকি তাজাহাজা পুর্নামার গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয়বারের মতো বৃহত্তম বিক্ষোভ করেছেন দেশটির রক্ষণশীল দলগুলোর সমর্থকেরা। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে দুই লাখেরও বেশি মুসল্লি বিক্ষোভ করেন।
ইন্দোনেশিয়ায় নির্বাচনী প্রচারণার সময় গভর্নর বাসুকি তাজাহাজা পুর্নামা পবিত্র কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি ‘অহোক’ নামে দেশটিতে বেশি পরিচিত।
গতকাল সকালে জাকার্তায় দেশটির জাতীয় স্মৃতিসৌধের পাশে অবস্থিত একটি পার্কে জড়ো হতে বিক্ষোভকারীরা শহরের বড় সড়ক ধরে মিছিল করতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা ‘অহোককে জেল দাও’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর আগের বিক্ষোভে সংঘর্ষের বিষয়টি মাথায় রেখে গতকালের বিক্ষোভে ২০ হাজার নিরাপত্তাকর্মী নিয়োগ করে দেশটির সরকার।
বিক্ষোভে দেশটির ইসলামিক ডিফেন্ডারস গ্রুপের (এফপিআই) নেতা রিজিক শিহাব বলেন, ‘আসুন আমাদের ধর্মকে রক্ষা করি।’ তিনি বলেন, ‘সব ধরনের ধর্মীয় অবমাননা বন্ধ করুন এবং সব ধর্ম অবমাননাকারীকে বিচারের সম্মুখীন করুন।’
দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো গণপ্রার্থনায় অংশ নেন এবং জনগণকে ধন্যবাদ জানিয়ে তাঁদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। জোকো উইদোদো পুর্নমার একজন ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। দেশটিতে চলমান উত্তেজনা কমাতে উইদোদো বিভিন্ন ইসলামি ও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন।