জাকার্তার হামলার নেপথ্যে আইএস, বলছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকার্তায় গুলি ও বিস্ফোরণের ঘটনার পর একটি গাড়ির আড়ালে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। ছবি: এএফপি
জাকার্তায় গুলি ও বিস্ফোরণের ঘটনার পর একটি গাড়ির আড়ালে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আজ বৃহস্পতিবার ধারাবাহিক বোমা হামলার পেছনে আইএসের (ইসলামিক স্টেট) হাত রয়েছে বলে দাবি ইন্দোনেশিয়ার পুলিশ এবং আইএস সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থার। খবর বিবিসির।
আইএস সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাকের প্রতিবেদনে বলা হয়, বিদেশি নাগরিক এবং নিরাপত্তা সংস্থার সদস্যদের লক্ষ্য করে আজ সকালে আইএসের যোদ্ধারা ইন্দোনেশিয়ার রাজধানীতে হামলা চালিয়েছে।
জাকার্তার পুলিশ প্রধান টিটো কার্নাভিয়ান বলেন, ইন্দোনেশিয়ান নাগরিক বাহরুন নাইমকে এই হামলার পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে নাইম এখন সিরিয়াতে আছে।
দেশটির পুলিশের মুখপাত্র অ্যান্টন চারলিয়ান বলেন, আইএসের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় কোনো সংগঠনই এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, নভেম্বরে পুলিশ আইএস থেকে একটি সতর্কবার্তা পেয়েছিল যে, ইন্দোনেশিয়ায় একটি কনসার্টের পরিকল্পনা করা হচ্ছে। এর মানে হচ্ছে হামলার পরিকল্পনা।

৫ হামলাকারীর মৃত্যু

সিরিজ বোমা বিস্ফোরণ ও গুলিবিনিময়ের পর জাকার্তার সড়কে পড়ে আছেন এক ব্যক্তি। ছবি: এএফপি
সিরিজ বোমা বিস্ফোরণ ও গুলিবিনিময়ের পর জাকার্তার সড়কে পড়ে আছেন এক ব্যক্তি। ছবি: এএফপি

বিবিসির প্রতিবেদনে বলা হয় আত্মঘাতী হামলায় দুই হামলাকারী এবং গুলিতে তিনজন হামলাকারীর মৃত্যু হয়। এ ছাড়া একজন কানাডীয় এবং একজন ইন্দোনেশিয়ান নাগরিকেরও ওই হামলায় মৃত্যু হয়। তবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, একাধিক বোমা বিস্ফোরণ ও গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। কমপক্ষে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে বিবিসি অনলাইন বলেছিল, অন্তত তিনজন নিহত হয়েছেন।
হামলায় ১৪ বন্দুকধারী
গণমাধ্যমের খবরে জানানো হয়, একাধিক স্থানে বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে একটি বিপণিবিতানের একটি ক্যাফে রয়েছে। জায়গাটি দেশটির প্রেসিডেন্টের বাসভবন ও জাতিসংঘের কার্যালয়ের কাছেই অবস্থিত।
রয়টার্স জানিয়েছে, ছয়টি স্থানে বোমা বিস্ফোরিত হয়েছে বলে গণমাধ্যমে বলা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অন্তত একটি বিস্ফোরণে একজন আত্মঘাতী বোমা হামলাকারী জড়িত বলে ধারণা করা হচ্ছে। হামলায় অন্তত ১৪ জন বন্দুকধারী জড়িত।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট স্থানগুলোতে পুলিশের আনাগোনা বেড়ে যায়। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। একই সঙ্গে তারা সতর্ক অবস্থান নেয়।
আরও হামলার আশঙ্কায় লোকজনকে ঘরের ভেতরে থাকতে বলেছে পুলিশ।

আরও পড়ুন: