জাকার্তায় জয়ের পথে মুসলিম গভর্নর প্রার্থী
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার খ্রিষ্টধর্মাবলম্বী গভর্নর বাসুকি জাহাজা পুরনামা এবারের আলোচিত গভর্নর নির্বাচনে মুসলিম প্রতিদ্বন্দ্বী সাবেক শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী আনিস বাসউইদেনের কাছে দৃশ্যত হেরে যাচ্ছেন।
গতকাল বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে কয়েকটি প্রতিষ্ঠানের প্রকাশিত বুথফেরত জরিপে দেখা যায়, আনিস বাসউইদেন ৫৬ থেকে ৫৭ শতাংশ ভোট পেতে পারেন। বাসুকি জাহাজা পুরনামা পেতে পারেন ৪১ থেকে ৪৩ শতাংশ ভোট। মে মাসের প্রথম দিকে এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
জাকার্তার এই নির্বাচনকে ইন্দোনেশিয়ায় প্রচলিত মধ্যপন্থী ইসলামের চর্চার বিপরীতে কট্টরপন্থীদের উত্থানের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম দফায় সামান্য ভোটে বিজয়ী হন পুরনামা। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন এড়াতে সেই সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট ছিল না। জাকার্তায় অর্ধশতাব্দীর মধ্যে প্রথম খ্রিষ্টান গভর্নর ছিলেন পুরনামা।
গত বছর পুরনামার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। পুরনামার সমর্থকেরা বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে এ নিয়ে পুরনামার বিরুদ্ধে কট্টরপন্থী মুসলিমরা রাস্তায় নামে। তাঁকে বিচারের মুখোমুখিও হতে হচ্ছে।