মিয়ানমারের নেত্রী অং সান সু চি তাঁর ইন্দোনেশিয়া সফর বাতিল করেছেন। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর সরকারি বাহিনীর নির্যাতনকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ এবং দেশটির রাজধানী জাকার্তায় মিয়ানমারের দূতাবাসে হামলার চেষ্টার ঘটনার প্রেক্ষাপটে গতকাল সোমবার তিনি এ সফর বাতিল করেন।
সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু চি।
গত রোববার ইন্দোনেশিয়ার পুলিশ জানায়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করেছে তারা। তিনি জাকার্তায় মিয়ানমারের দূতাবাসে হামলার পরিকল্পনা করছিলেন।
এদিকে, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান রাখাইন রাজ্য সফর করবেন বলে জানানো হয়েছে। চলমান সংকট নিরসন এবং একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে গঠন করা উপদেষ্টা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে আনানকে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই কফি আনান মিয়ানমার পৌঁছাবেন।
এদিকে মিয়ানমারে সেনাবাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকদের ফাঁদে ফেলে পুলিশের ওপর হামলা করিয়েছে বলে দাবি করেছে ইউরোপে রোহিঙ্গাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। সংগঠনটি বলেছে, এভাবে রোহিঙ্গাদের ফাঁদে ফেলার উদ্দেশ্য হচ্ছে তাদের ওপর সরকারের চলমান দমনাভিযানকে বৈধতা দেওয়া।
ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল (ইআরসি) নামের সংগঠনটির চেয়ারম্যান খাইরুল আমিন তুরস্কের আনাদোলু বার্তা সংস্থাকে বলেন, ৯ অক্টোবরের পর থেকে শুরু হওয়া দমনাভিযানে এখন পর্যন্ত প্রায় ৪০০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। ধর্ষণ করা হয়েছে অনেক নারীকে। ধ্বংস করা হয়েছে বাড়িঘর। দারিদ্র্যপীড়িত রোহিঙ্গাদের ক্রমবর্ধমান হতাশা ও আইনি স্বীকৃতির অভাবকে কাজে লাগিয়ে ও তাঁদের ফাঁদে ফেলে এ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
ইআরসির নেতা খাইরুল আমিন বলেন, ‘রোহিঙ্গা তরুণদের কাছে পুলিশ সেকেলে কিছু অস্ত্র বিক্রি করেছে। এরপর ওই তরুণেরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছেন। তাঁদের ধারণা ছিল, এতে তাঁরা আন্তর্জাতিক মহলের নজর কাড়তে পারবেন বা তাঁদের নিপীড়িত জনগণকে বাঁচাতে পারবেন। সেনাবাহিনী ও পুলিশ আগেই জানত অস্ত্র বিক্রির পর কী হবে। তাই আমরা বলতে পারি, এই তরুণদের হামলায় ব্যবহার করা হয়েছে।’
খাইরুল আমিন বলেন, রাখাইনে সেনা অভিযানে আড়াই হাজারের বেশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে মসজিদও আছে। মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে তিনটি গ্রাম। গৃহহীন হয়েছেন ৩০ হাজারের বেশি রোহিঙ্গা। পুরুষ ও বয়স্করা পাহাড়, জঙ্গল, ধানখেতে লুকিয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করছেন। বাড়িতে একলা পড়ে আছেন নারী ও শিশুরা।
খাইরুল আমিন বলেন, সেনারা রোহিঙ্গাদের নির্মূল করতে চায়। সে জন্য তাদের ওপর হেলিকপ্টার গানশিপ ব্যবহার করা হচ্ছে।