
মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা ‘জাতিগত নির্মূলের’ শিকার হচ্ছে বলে এর আগে জানিয়েছে জাতিসংঘ। তবে তা মানতে নারাজ দেশটির নেত্রী অং সান সু চি। তিনি বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনাকে ‘জাতিগত নির্মূল’ বললে তা ‘বেশ কঠোর’ হয়ে যায়।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সু চি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু চি রাখাইন রাজ্যে চলমান সমস্যার কথা স্বীকার করেন। তবে তাঁর ভাষ্য, সেখানে কেউ ‘জাতিগত নির্মূলের’ শিকার হচ্ছে না। তিনি বলেন, ‘আমার মনে হয় না সেখানে কোনো জাতিগত নির্মূল প্রক্রিয়া চলছে। যা চলছে, তা বোঝাতে ‘জাতিগত নির্মূল’ বলা হলে তা হবে অত্যন্ত শক্ত পরিভাষা।’ তিনি ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া রোহিঙ্গারা দেশে ফিরে গেলে স্বাগত জানানো হবে বলেও জানান।
গত অক্টোবরে রাখাইনে সীমান্তবর্তী পুলিশের চৌকিতে হামলায় নিহত হন নয়জন পুলিশ কর্মকর্তা। এরপর সেখানে জোরালো অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জ্বালিয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের শত শত ঘরবাড়ি। হত্যা ও ধর্ষণের শিকার হয় শত শত নারী-পুরুষ। জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা। এরপর রাখাইন রাজ্য এবং বাংলাদেশের কক্সবাজার সফর করে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইয়াংঘি লি। তিনি জাতিসংঘে দাখিল করা প্রতিবেদন এবং বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার বলেছেন, রোহিঙ্গারা মানবতাবিরোধী অপরাধের শিকার। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ও গত ফেব্রুয়ারি মাসে এক প্রতিবেদনে বলে, রোহিঙ্গারা সম্ভবত জাতিগত নির্মূলের শিকার।
তবে সু চির ভাষায় ‘এটা শুধু জাতিগত নির্মূলের বিষয় নয়, যেমনটা আপনারা বলছেন, এটা বিভক্ত জনগোষ্ঠীর বিভিন্ন পক্ষের বিষয়, আর এই বিভক্তিই আমরা কাটানোর চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘আমার মনে হয়, সেখানে ব্যাপক সহিংস ঘটনা ঘটছে। কর্তৃপক্ষকে সহায়তা করছে, এই সন্দেহে মুসলিমরাও মুসলিমদের মারছে।’
২০১২ সালের সাম্প্রদায়িক সহিংসতার পরও লাখো রোহিঙ্গা শরণার্থী জীবন বেছে নিতে বাধ্য হয়।
জাতিসংঘ গত মাসে ঘোষণা দেয়, রাখাইনে অভিযানের নামে সেনাবাহিনী দমন-পীড়ন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ করছে বলে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। তবে মিয়ানমার সরকার ওই তদন্ত নাকচ করেছে।
অনেকের মতে, সু চির নীরবতা রাখাইনের সমস্যা আরও প্রকট করে তুলেছে। এ ইস্যু নিয়েই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন তিনি। তবে এক সপ্তাহ আগে তিনি বলেন, জনগণ তাঁকে ব্যর্থ মনে করলে তিনি ক্ষমতা ছাড়তে প্রস্তুত।
বিবিসিকে সু চি বলেন, ‘২০১৩ সালে যখন রাখাইনে সমস্যার সূত্রপাত ঘটল, তখন থেকেই এই প্রশ্ন (নীরবতা) উঠছে। তাঁরা (সাংবাদিকেরা) আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তরও দিয়েছি এবং মানুষ বলেছে, আমি কিছুই বলি না। কারণ মানুষ চায়, আমি একটা জনগোষ্ঠী বা অন্য আরেকটা জনগোষ্ঠীর কার্যকলাপের নিন্দা করব, তাদের মনমতো কথা আমি বলিনি।’