মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক মালয়েশিয়াকে ধ্বংস করছেন এবং তাঁর কারণেই দেশটিতে জাতিগত বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠছে। গত মঙ্গলবার এএফপিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে থাকা নাজিব রাজাক মিয়ানমারে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় সম্প্রতি বেশ সোচ্চার হয়েছেন। গত রোববার কুয়ালালামপুরে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে অবশ্যই রোহিঙ্গা মুসলিম ‘গণহত্যা’ বন্ধে পদক্ষেপ নিতে হবে।
মাহাথির বলেন, ২০১৮ সালের নির্বাচনে জাতিগত ইস্যু কাজে লাগানোর চেষ্টা করবেন নাজিব। তিনি এখন অনেক বেশি মালয়পন্থী ও ইসলামপন্থী হয়ে ওঠার চেষ্টা করছেন। উদার মনোভাব থেকে সরে এসে দেশের প্রশাসনকে ক্রমশ বর্ণবাদী ও কট্টোর করে তুলছেন তিনি।