জাতিগত সংঘাত নিরসনে মিয়ানমারে আলোচনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে করতালি দিচ্ছেন অং সান সু চি (নিচ থেকে তৃতীয়)। তাঁর বাঁ পাশে প্রেসিডেন্ট থিন কিউ l ছবি: এএফপি
মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে করতালি দিচ্ছেন অং সান সু চি (নিচ থেকে তৃতীয়)। তাঁর বাঁ পাশে প্রেসিডেন্ট থিন কিউ l ছবি: এএফপি

মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে গতকাল বুধবার থেকে জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে শান্তি আলোচনা শুরু করেছে দেশটির নতুন নির্বাচিত সরকার। এই আলোচনা সফল হলে দেশটিতে কয়েক দশক ধরে চলা সংঘাতের অবসান হবে।
মিয়ানমারের রাজধানী নেপিডোয় পাঁচ দিনব্যাপী এই আলোচনা শুরু হয়েছে। মোট ১৭টি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন। এখনো লড়াইরত কয়েকটি গোষ্ঠী আলোচনায় আসেনি।
গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গত নির্বাচনের আগে দেশটির সশস্ত্র সংঘাতের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই গতকালের আলোচনা শুরু হলো।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই সম্মেলনকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ গৃহযুদ্ধ এ দেশে অনেক প্রাণহানি ঘটিয়েছে। কয়েক প্রজন্ম এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুন বলেন, ‘এটি এখন স্পষ্ট যে আপনাদের মতভিন্নতার কোনো সামরিক সমাধান নেই।’ সম্মেলনে যোগদানকারী ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে নোবেল বিজয়ী সু চি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা জাতীয় পর্যায়ে সমন্বয় সাধন বা জাতীয় ঐক্য গড়তে না পারছি, ততক্ষণ আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে পারব না। আমরা একতাবদ্ধ হলেই কেবল শান্তি আসবে। আর শান্তি ফিরে এলেই আমরা এ অঞ্চলের অন্য দেশ এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব।’
সম্মেলনকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ফেদেরিকা মগেরিনি। যুক্তরাষ্ট্র এই আলোচনাকে ‘শান্তি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে একে স্বাগত জানিয়েছে।