
গত বছরের জুলাইয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার সময়কার যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে গঠিত জাতিসংঘ দলের প্রধান উইলিয়াম শাবাস পদত্যাগ করেছেন। ফিলিস্তিনি সংগঠন প্যালেস্টিনিয়ান লিবারেশন অরগানাইজেশনের (পিএলও) হয়ে পরামর্শকের কাজ করায় তাঁর বিরুদ্ধে ইসরায়েলের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। খবর গার্ডিয়ানের।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান গত বছরের আগস্ট মাসে তিন সদস্যের এক তদন্ত দলের প্রধান নিয়োগ করে উইলিয়াম শাবাসকে। কমিশনের কাছে গত সোমবার লেখা এক চিঠিতে উইলিয়াম শাবাস বলেছিলেন, পিএলওর সঙ্গে তাঁর অতীতে কাজ করার বিষয়টি যাতে প্রতিবেদন তৈরি ও এর ফলাফলের ওপর প্রভাব ফেলতে না পারে, সে জন্য তিনি তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে চান। আগামী মার্চে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে।
চিঠিতে শাবাস বলেন, ফিলিস্তিনিদের পক্ষে মানবাধিকার রক্ষার ওই কাজের জন্য দৃশ্যত তিনি বিদ্বেষপূর্ণ আক্রমণের বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তিনি এতে লেখেন, ‘পিএলওকে আমি যে আইনি মতামত দিয়েছিলাম, তা আরও অনেক সরকার ও সংগঠনকে দেওয়া মতামতের চেয়ে আলাদা কিছু নয়।’
শাবাস জানান, পিএলওর হয়ে তাঁর কাজ করার কারণে মানবাধিকার পরিষদ এ বিষয়ে মতামত জানতে জাতিসংঘ সদর দপ্তরের দ্বারস্থ হয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি, তদন্ত কমিশন প্রধানকে যখন অপসারণের কথা বিবেচনা করা হচ্ছে, এমন অবস্থায় কাজ চালিয়ে যাওয়া কঠিন।’
কমিশন তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ প্রায় শেষ করে প্রতিবেদন লেখা শুরু করেছে বলে জানান কানাডার শিক্ষাবিদ উইলিয়াম শাবাস।
শাবাসের নিয়োগকে হামাস স্বাগত জানিয়েছিল। তবে ইসরায়েল এবং এর বর্তমান নেতাদের প্রতি তাঁর তীব্র সমালোচনার জন্য দেশটি এ নিয়োগের সমালোচনা করে আসছে। যুক্তরাষ্ট্রের ইহুদি সংগঠনগুলোও এই নিয়োগের তীব্র সমালোচনা করেছে।