জাতিসংঘ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দুতার্তের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এবার জাতিসংঘ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এও বলেছেন, তিনি হয়তো চীন ও অন্য দেশগুলোকে জাতিসংঘের আদলে আরেকটি সংগঠন গড়ে তুলতে আমন্ত্রণ জানাবেন।
জাতিসংঘের দুজন মানবাধিকার বিশেষজ্ঞ ফিলিপাইন সরকারকে মাদক ব্যবসায়ীদের বিচারবহির্ভূতভাবে হত্যা করা বন্ধ করতে আহ্বান জানানোর পর দুতার্তে এই হুমকি দিলেন।
বিতর্কিত ও চমক জাগানো কথাবার্তা বলার জন্য সুপরিচিত দুতার্তে নির্বাচনের আগে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে মাদক ব্যবসায়ীদের ধরে ধরে হত্যা করা হবে। গত ৯ মে নির্বাচনে তাঁর জয়ের পর থেকে এ পর্যন্ত ফিলিপাইনে ৯০০ জনের বেশি সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসব লোককে পুলিশ এবং সরকারের লোকজন হত্যা করেছে বলে মনে করা হয়।
গত সপ্তাহে জাতিসংঘের দুজন বিশেষজ্ঞ বিষয়টি নিয়ে ফিলিপাইন সরকারের সমালোচনা করে এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে বলেন। গত শুক্রবার দুতার্তে এসব হত্যার দায় অস্বীকার করেন এবং ওই দিন দিবাগত রাতে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে দুতার্তে ওই দুই মানবাধিকার বিশেষজ্ঞের উদ্দেশে বলেন, ‘বিশ্বের সামনে আমি প্রমাণ করে দেব আপনারা নির্বোধ বিশেষজ্ঞ।’ তিনি তাঁদের (বিশেষজ্ঞদের) কতজন মাদক ব্যবসায়ী মারা গেলেন, তা না গুনে বরং মাদকের জন্য কত নিরপরাধ মানুষের মৃত্যু হচ্ছে, সেই সংখ্যা গুনতে বলেন।
বক্তব্যের একপর্যায়ে প্রেসিডেন্ট দুতার্তে জাতিসংঘের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের অপমান করতে চাই না। কিন্তু হয়তো আমাদের জাতিসংঘ থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে।’ দুতার্তে বলেন, তিনি প্রয়োজনে চীন এবং আফ্রিকার দেশগুলোকে আরেকটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার আহ্বান জানাবেন। এরপর থেকে জাতিসংঘ তাঁর বিরুদ্ধে একটি খারাপ কথা বললে তিনি পাল্টা দশটি খারাপ কথা বলবেন।
দুতার্তে বলেন, সিরিয়া ও ইরাকে যুদ্ধে অগণিত মানুষ মরছে। জাতিসংঘের তা থামানোর ক্ষমতা নেই।
কয়েক দিন আগেই দুতার্তে এক মার্কিন কূটনীতিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।