জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে যাবে না উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া বলেছে, দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পর্যালোচনা অধিবেশনে পিয়ংইয়ং আর প্রতিনিধি পাঠাবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং ওই কাউন্সিলকে ‘রাজনীতিকীকরণ, নৈর্বাচনিকতা ও দ্বিমুখী আচরণের’ কাউন্সিল হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই কাউন্সিল আগে থেকে সিদ্ধান্ত নিয়ে উত্তর কোরিয়ার সমালোচনা করতে থাকে। খবর বিবিসির।
নিজ দেশের নাগরিকদের সঙ্গে আচরণ করার ইস্যুতে ধারাবাহিকভাবে উত্তর কোরিয়ার সমালোচনা করে আসছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। এর মধ্যে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার নতুন এ পদক্ষেপে পিয়ংইয়ংয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা আসার সম্ভাবনাও রয়েছে। ফলে এটি তাদের বিচ্ছিন্ন করার পশ্চিমা তৎপরতা বলেও ভাবছে উত্তর কোরিয়া।
এ প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং বলেন, এই কাউন্সিলের গৃহীত প্রস্তাব মানতে উত্তর কোরিয়া কখনো বাধ্য হয়নি এবং হবেও না। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যরা নিজেদের বক্তব্যের সত্যতা প্রমাণে উত্তর কোরিয়াকে দলছুট হিসেবে দেখাতে চায়।