জাতিসংঘে তুরস্কের বিরুদ্ধে অভিযোগ সিরিয়ার
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্কের সেনাবাহিনীর হামলার নিন্দা জানিয়েছে দামেস্ক। এটা সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছে সিরিয়া। এ ব্যাপারে পদক্ষেপ নিতে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের দিকে অগ্রসর হতে থাকা কুর্দি যোদ্ধাদের ওপর গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো শেল ছুড়েছে তুর্কি বাহিনী।
আঙ্কারার দৃষ্টিতে সিরিয়ার কুর্দি মিলিশিয়ারা তুরস্কে নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মিত্র। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও অন্যরা।
সিরিয়ার অভিযোগ, উত্তরাঞ্চলে কুর্দিদের ওপর হামলার মধ্য দিয়ে তুরস্ক সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। সেখানে আল-কায়েদা-সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আঙ্কারা সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ দামেস্কের।
জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে সিরীয় সরকারের পক্ষ থেকে লেখা এক চিঠিতে বলা হয়েছে, সিরিয়ার ভূখণ্ডে তুরস্কের শেল ছোড়ার ঘটনা সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোকে সরাসরি সমর্থন দেওয়ারই অংশ।
ওই চিঠিতে দাবি করা হয়, প্রায় ১০০ জন বন্দুকধারীকে সিরিয়া সীমান্ত অতিক্রমের অনুমোদন দিয়েছে তুরস্ক। ওই সেনারা তুরস্কের বা তাদের ভাড়াটে সৈনিক বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের এই ‘অপরাধ ও হামলার’ জবাব দেওয়ার ক্ষেত্রে সিরিয়া তাদের আইনগত অধিকার প্রয়োগ করবে। আর ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাইবে।
সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্কের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স।