যুদ্ধ বন্ধে আবার শান্তি আলোচনায় যোগ দেওয়ার শর্ত হিসেবে জাতিসংঘের কালো তালিকা থেকে বাদ দেওয়ার দাবি করেছে আফগান তালেবান। জঙ্গি দলটির এক জ্যেষ্ঠ নেতা শনিবার এ দাবি করেছেন। তবে একই দিন তালেবানের রাজনৈতিক শাখা কাতারের দোহায় দুই দিনের অনানুষ্ঠানিক বৈঠকে বসে বেসরকারি অধিকারকর্মী ও সাবেক কর্মকর্তাদের সঙ্গে। খবর রয়টার্সের।
বেশ কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর আফগান সরকার এবং দেশটির প্রতিবেশীরা ভেস্তে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু করার চেষ্টা করছে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর একটি বড় অংশ চলে যাওয়ার পর থেকে তালেবানের হামলা বেড়েছে। শান্তি আলোচনার সম্ভাবনাও কমতে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তালেবান নেতা বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাদের জব্দ করা সম্পদ ছেড়ে দিতে এবং নেতাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এসব শর্ত মেনে নিলেই কেবল শান্তি আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করা সম্ভব।
দোহায় বৈঠক: গত শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় পাগওয়াশ কনফারেন্সেস অন সায়েন্স অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স দুই দিনের এক আলোচনার আয়োজন করেছে। বৈঠকে অধিকারকর্মী, আফগান সরকারের সাবেক কর্মকর্তা ও তালেবান প্রতিনিধিরা যোগ দেন।
তালেবানের একটি পক্ষের মুখপাত্র জাবি-উল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আমাদের মতামত প্রকাশের একটি সুযোগ করে দিয়েছে এই বৈঠক।’
এই বৈঠকে আফগান সরকার এখন কর্মরত এমন কোনো কর্মকর্তাকে পাঠায়নি। সেখানে প্রেসিডেন্টের উপদেষ্টা মালালাই সিনওয়ারি যোগ দেন। এ ছাড়া দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উমের দাউদজাইও যোগ দিয়েছেন। বৈঠকে যোগ দেওয়া আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী আনোয়ার আহাদি প্রথম দিনের বৈঠক শেষে বলেন, এ পর্যন্ত আলোচনায় তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেওয়ার কোনো আগ্রহ দেখা যায়নি।
আনোয়ার আহাদি বলেন, ‘কীভাবে সামনে এগোনো যাবে, তা নিয়ে কোনো সঠিক পরিকল্পনা তারা তুলে ধরেনি। আশা করছি বৈঠকের বাকি সময়ে তাদের শর্তগুলো আমরা জানতে পারব।’
দীর্ঘ বিরতির পর গত বছরের জুলাই মাসে আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে প্রথম দফা আনুষ্ঠানিক শান্তি আলোচনা হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মারী শহরে ওই আলোচনা হয়। তবে সন্ত্রাসী হামলার ঘটনাসহ বিভিন্ন কারণে সে প্রক্রিয়া বিশেষ এগোয়নি। আফগান হাই পিস কাউন্সিল (এইচপিসি) ও তালেবানের প্রতিনিধিরা মারীর আলোচনায় যোগ দেন। এর আগে কয়েক মাস ধরে তালেবানের প্রতিনিধিদের সঙ্গে আফগান সরকারের প্রতিনিধিদের কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক হয়। প্রায় সব কটি বৈঠকই হয় গোপনে।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ‘নাইন ইলেভেন’ সন্ত্রাসী হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে আফগানিস্তানের কট্টরপন্থী তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে হারানো ক্ষমতা ফিরে পেতে সশস্ত্র লড়াই অব্যাহত রেখেছে তালেবান। এ সংঘাত বন্ধে গত কয়েক মাসে নরওয়ে, কাতার ও চীনে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের অনানুষ্ঠানিক বৈঠক হয়।