জাতিসংঘের কোনো তদন্ত দলকে ঢুকতে দেবে না মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের অভিযোগ তদন্তে জাতিসংঘের কোনো দলকে মিয়ানমারে ঢুকতে দেওয়া হবে না। সরকারের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
রাজধানী নেপিডোয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কিয়াও জেয়া বলেন, ‘তদন্তের জন্য তারা কোনো দল পাঠাতে চাইলে তাদের মিয়ানমারে প্রবেশ করতে দেওয়ার কোনো কারণ দেখি না।’
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চলা সামরিক জান্তা শাসনের অবসান ঘটিয়ে গত বছর নির্বাচনের মাধ্যমে দেশটির ক্ষমতায় আসে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি।
গত বছরের অক্টোবরে মিয়ানমার সীমান্ত পুলিশের তিনটি ফাঁড়িতে হামলা চালিয়ে পুলিশের নয়জন কর্মকর্তাকে হত্যা করে রোহিঙ্গারা। ওই হামলার পর রাখাইন রাজ্যে ব্যাপক সেনা অভিযান শুরু হয়। অভিযানে শতাধিক মানুষ নিহত হয়, অনেক নারী ধর্ষণের শিকার হয়, পুড়িয়ে দেওয়া হয় এক হাজারের বেশি ঘরবাড়ি। প্রাণভয়ে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে যায়।
বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, সেনা অভিযানের নামে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ ও নিপীড়ন করা হচ্ছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ চায়, দেশটিতে তদন্ত দল পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখতে। কিন্তু মিয়ানমার সরকার শুরু থেকেই রাখাইন রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এবং কোনো আন্তর্জাতিক দলকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সেখানে ত্রাণ নিয়েও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
অবশ্য অং সান সু চির সরকার নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে এবং পরিস্থিতি যাচাইয়ে সরকারি তদন্ত দল গঠন করেছে।