
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি মনে করেন, রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের তদন্ত রাখাইন রাজ্যে উত্তেজনা উসকে দিতে পারে। তবে সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেন মন্তব্য করেছেন, রাখাইনের পরিস্থিতি নিয়ে সুইডেন উদ্বিগ্ন।
গতকাল সোমবার স্টকহোমে দুই নেতা তাঁদের আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থানের কথা জানান।
সংবাদ সম্মেলনের শুরুতে সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোফভেন বলেন, ‘আলোচনায় রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। সমস্যার সমাধানের জন্য আমরা এর মূলে যাওয়ার প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে বলেছি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যারা দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’
রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত কেন তিনি প্রত্যাখ্যান করছেন জানতে চাইলে সু চি বলেন, ‘মিয়ানমার অভ্যন্তরীণভাবে এই অভিযোগের তদন্ত করছে। আনান কমিশনও যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে তদন্ত চালাচ্ছে। জাতিসংঘের তদন্ত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরিতা আরও বাড়িয়ে দিতে পারে। আমরা মনে করি, ওই অঞ্চলের লোকজনের মধ্যে সংহতি ও বোঝাপড়ার লক্ষ্যে তাদের মধ্য দীর্ঘদিনের আতঙ্ক দূর করতে আমরা যা করছি, এই তদন্ত তার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের এই বিষয়ে কাজ করার সুযোগ নেই, এমন প্রশ্নের উত্তরে সু চি বলেন, শুরুতেই সমালোচনা না করে কমিশন ঠিকমতো কাজটি করছে কি না, সেই সুযোগ তাদের দেওয়া উচিত। কমিশন রাখাইনের সমস্যার মূলে যেতে চায়। রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে একমাত্র কফি আনান কমিশনের সুপারিশই তিনি গ্রহণ করবেন।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে রোহিঙ্গাদের নিয়ে তাঁর নীরবতা নিয়ে সমালোচনা আছে। নোবেল শান্তি পুরস্কারটা কখনো কখনো বোঝা হয় কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি নেতিবাচক উত্তর দেন। সু চি বলেন, ‘আমরা শুধু একটি সম্প্রদায়ের পক্ষে কথা বলতে পারি না। লোকজন কিন্তু ভুলে যান রাখাইনরা সংখ্যালঘু। সারা দেশে মুসলিমদের তুলনায় রাখাইনের সংখ্যা আরও কম। কাজেই দুই সম্প্রদায়ের ব্যাপারে আমাদের ভারসাম্য রাখা উচিত।’