জাতিসংঘের দাবি উড়িয়ে দিলেন সু চির সহযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন নিয়ে দেশটির ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন অং সান সু চির ঘনিষ্ঠ এক সহযোগী। জাতিসংঘসহ বিভিন্ন মহলের এমন চাপকে ‘পক্ষপাতদুষ্ট ও অন্যায্য’ আখ্যা দিয়েছেন তিনি।
রোহিঙ্গা মুসলিমদের ওপর নিরাপত্তা বাহিনীর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘ প্রমাণ হাজির করার পরও সু চির ওই ঘনিষ্ঠ সহযোগী এমন মন্তব্য করলেন।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে আগামী সপ্তাহে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লির আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানোর কথা রয়েছে। এর মধ্য দিয়ে রোহিঙ্গা নির্যাতন নিয়ে সৃষ্ট উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সু চির সহযোগী উইন তিন এএফপিকে বলেন, ‘ইয়াংহি লি যা করছেন, তা ঠিক নয়। এটা পক্ষপাতিত্ব। আমরা অন্যায্য প্রতিবেদনকে বিবেচনায় নিই না। কারণ, আমরা এর তোয়াক্কা করি না, এ নিয়ে চিন্তাও করি না।’
রাখাইনে গত অক্টোবরে সন্ত্রাসী হামলায় সীমান্ত পুলিশের নয় সদস্য নিহত হলে সেখানকার রোহিঙ্গাদের বিরুদ্ধে কথিত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় নির্যাতনের মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা জাতিসংঘের প্রতিনিধিদের বলেছেন, মিয়ানমারের সেনা ও পুলিশ তাদের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগসহ অত্যাচার চালিয়েছে। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ বলেছে, মিয়ানমারের সেনা ও পুলিশ সদস্যরা রাখাইনে যে দমনাভিযান চালিয়েছেন, তা মানবতাবিরোধী অপরাধ হয়ে থাকতে পারে।