জাতিসংঘের প্রস্তাব নাকচ করেছে সিরিয়ার বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আলেপ্পো শহরে অস্ত্রবিরতির বিষয়ে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফ্রি সিরিয়ান আর্মি-সমর্থিত (এফএসএ) বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার এই প্রস্তাব বিবেচনার ইঙ্গিত দিয়েছিল। খবর আল জাজিরার।
আলেপ্পো শহরের এফএসএর সামরিক কমান্ডার জাহের আল-সাকেত গত বুধবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘জাতিসংঘের এই অস্ত্রবিরতির প্রস্তাব বাশার সরকারের উদ্দেশ্যই হাসিল করবে। তাই আমরা এটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। আমাদের সেনারা যুদ্ধ অব্যাহত রাখবে।’ কমান্ডার জাহের আরও বলেন, ‘বাশার সরকার ধূর্ত। নানা ছলচাতুরি করে কালক্ষেপণ করতে চায়। এর আগে হোমস শহরে অস্ত্রবিরতির নামে কী হয়েছে আমরা দেখেছি। আলেপ্পোতেও একই দৃশ্য দেখতে চাই না। আমরা এই সরকারকে বিশ্বাস করি না।’
বুধবার আলেপ্পো শহরের নিকটবর্তী আল-মারজেহ এলাকায় বাশারের অনুগত বাহিনী প্রাণঘাতী ব্যারেল বোমা হামলা চালায় বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো। যদিও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার পরই বাশারবিরোধীরা জাতিসংঘের প্রস্তাব নাকচ করল।
এর আগের দিন সিরিয়া-সংকট নিরসনে সমঝোতা চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন জাতিসংঘের সিরিয়াবিষয়ক মধ্যস্থতাকারী স্টেফান ডি মিসটুরা। মঙ্গলবার হোমস শহরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রত্যাশার কথা জানান। মিস্টুরা এদিন বলেন, এ বিষয়ে বাশারের সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।
মার্কিন নীতির পর্যালোচনা: এদিকে রয়টার্সের এক খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সরকারের সিরিয়া নীতি পর্যালোচনা করতে বলেছেন উপদেষ্টাদের। বলা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত না করে দেশটিতে সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করা হয়তো সম্ভব নয়, এ উপলদ্ধির পর বুধবার এই আহ্বান জানালেন ওবামা।