জাতিসংঘের বিশেষ দূত মিয়ানমারে
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক দূত ইয়াংঘি লি ১২ দিনের সফরে গতকাল সোমবার মিয়ানমারে পৌঁছেছেন। রাখাইন প্রদেশে সরকারি বাহিনীর নিরাপত্তা অভিযানের নামে সংখালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তিনি দেশটি সফরে এলেন।
জাতিসংঘের দূত ইয়াংঘি লি সেনা অভিযানের কেন্দ্র রাখাইন প্রদেশের উত্তরাঞ্চল, বাণিজ্যিক কেন্দ্র সাবেক রাজধানী ইয়াঙ্গুন, বর্তমান রাজধানী নেপিডো এবং উত্তরের কাচিন রাজ্য সফর করবেন বলে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। কাচিন রাজ্যে জাতিগত কাচিন গেরিলারা স্বশাসনের জন্য সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
দূত ইয়াংঘি লি এক বিবৃতিতে বলেন, ‘গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ এ কথাই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে যে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ওপর নজর রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে।’
জাতিসংঘ দূত তাঁর সফরে মিয়ানমারের কাচিন ও শান রাজ্যে সাধারণ মানুষের ওপর সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ের প্রভাবও খতিয়ে দেখবেন।
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের কয়েকটি নিরাপত্তা ফাঁড়িতে গত ৯ অক্টোবর সন্ত্রাসী হামলায় নয়জন পুলিশ সদস্য নিহত হয়। রোহিঙ্গা মুসলিমরা ওই হামলা চালিয়েছে অভিযোগ করে মিয়ানমার সরকার কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাখাইন প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দমন অভিযান শুরু করে। তখন থেকে সেনাবাহিনীর হাতে অন্তত ৮৬ জন নিহত হয়েছে। এ ছাড়া জাতিসংঘের হিসাবে প্রায় ৩৪ হাজার সাধারণ রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।