জাতিসংঘের মিয়ানমার শাখার শীর্ষ কর্মকর্তাকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেনাটা ডেসালিয়েন
রেনাটা ডেসালিয়েন

মিয়ানমারে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা রেনাটা লক-ডেসালিয়েনকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। জাতিসংঘ কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এ বিষয়ে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।
ইয়াঙ্গুনের কূটনৈতিক এবং সাহায্যদাতা গোষ্ঠীর একাধিক সূত্র জানায়, লক-ডেসালিয়েন মানবাধিকারের বিষয়টিকে অগ্রাধিকার দিতে ব্যর্থ হয়েছেন বিবেচনা করে জাতিসংঘ তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর দমন-পীড়নের ব্যাপারে জাতিসংঘের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে। সংস্থাটির অভ্যন্তরীণ দলিলপত্র অনুযায়ী, রোহিঙ্গা নির্যাতন এবং মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনার বিষয়ে স্থানীয় জাতিসংঘ দপ্তর ‘উল্লেখযোগ্য রকমের নিষ্ক্রিয়’ হয়ে পড়েছিল।
জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, কানাডীয় নাগরিক লক-ডেসালিয়েনকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর দক্ষতার সঙ্গে এই পরিবর্তনের কোনো সম্পর্ক নেই।
মিয়ানমারে গত বছর সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা সম্প্রদায়ের হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। এ বিষয়ে জাতিসংঘের মিয়ানমার শাখার ‘নীরবতার’ জন্য লক-ডেসালিয়েন ও তাঁর সহকর্মীরা ব্যাপক সমালোচনার মুখোমুখি হন। তাঁরা রোহিঙ্গা নির্যাতন চলাকালেও নানা উন্নয়ন কর্মসূচি এবং মিয়ানমার সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার মতো বিষয়কেই অগ্রাধিকার দিয়েছেন।
রেনাটা লক-ডেসালিয়েন বর্তমানে ছুটিতে আছেন। বলা হচ্ছে, তাঁর পদোন্নতি হতে যাচ্ছে। মিয়ানমারে সাড়ে তিন বছর ধরে নিযুক্ত আছেন তিনি। সাধারণত এই পদের মেয়াদ পাঁচ বছর হয়ে থাকে।