জাতিসংঘের রাষ্ট্রদূতের ওপর হামলা পরিকল্পনায় মিয়ানমারের ২ নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন।
ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে দেশটির দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল শুক্রবার জানিয়েছে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ। সেখানেই ওই হামলার পরিকল্পনা করা হয়। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

নিউইয়র্কের অ্যাটর্নির কার্যালয় থেকে জানানো হয়, গ্রেপ্তার দুজন হলেন ফিও হেইন হতুত (২৮) ও ইয়ে হেইন জ (২০)। মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা বা গুরুতর আহত করতে তাঁরা থাইল্যান্ডের এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে ষড়যন্ত্র করেন বলে অভিযোগ আনা হয়েছে। দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মার্কিন আইন অনুযায়ী তাঁদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক জান্তা। এ অভ্যুত্থান প্রত্যাখ্যান করে মিয়ানমারে বেসামরিক সরকার পুনর্বহালের দাবি জানান দেশটির রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন। এ ঘটনার পর তাঁকে বরখাস্ত করে মিয়ানমারের জান্তা সরকার। তবে তিনি তাঁর পদ ছাড়তে অস্বীকৃতি জানান। কিয়াও মোয়ে তুন জাতিসংঘে মিয়ানমারকে আর প্রতিনিধিত্ব করেন না বলে জান্তার দাবি নাকচ করেন তিনি। জাতিসংঘ এখনো তাঁকে মিয়ানমারের বৈধ রাষ্ট্রদূত হিসেবে গণ্য করছে।

কিয়াও মোয়ে তুন মিয়ানমারের জান্তা সরকারের একজন তীব্র সমালোচক। তাঁর ওপর হামলা হতে পারে—এমন আশঙ্কার কথা গত বুধবারই রয়টার্সকে জানান তিনি। এর জের ধরে তাঁর নিরাপত্তা জোরদার করা হয়। তবে দুজনকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত ফিও হেইন হতুত। সেখানে তিনি বলেন, থাইল্যান্ডের এক অস্ত্র ব্যবসায়ী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। মিয়ানমারের রাষ্ট্রদূতের ওপর হামলা করে তাঁকে ক্ষমতা থেকে সরানোর জন্য লোক ভাড়া করতে বলেন তিনি। রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন পদত্যাগ না করলে তাঁকে হত্যার নির্দেশনাও দেন থাইল্যান্ডের ওই ব্যবসায়ী। এরপর তাঁরা কিয়াও মোয়ে তুনকে গাড়ি দুর্ঘটনায় ফেলার জন্য পরিকল্পনা করেন।

ফিও হেইন হতুত আরও বলেন, হামলাকারী ভাড়া করার জন্য জুলাইয়ের শেষের দিকে অপর অভিযুক্ত ইয়ে হেইন জ তাঁকে দুই ধাপে চার হাজার মার্কিন ডলার দেন। রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনের ওপর হামলা সফল হলে তাঁকে আরও এক হাজার ডলার দেওয়ার কথা ছিল বলে জানান ফিও হেইন হতুত। হামলার জন্য অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইয়ে হেইন জ।

মিয়ানমারের জাতিসংঘ মিশনের একজন স্বেচ্ছাসেবক নিরাপত্তারক্ষী এফবিআইকে গত মঙ্গলবার জানান, ফিও হেইন হতুত রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন হত্যা অথবা আহত করতে হামলাকারী ভাড়া করার বিষয়টি তাঁকে জানান।

এর আগে মিয়ানমারে সামরিক জান্তার নির্বিচারে হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘকে সতর্ক করেন কিয়াও মোয়ে তুনে। গত মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি দেন তিনি। চিঠিতে রাষ্ট্রদূত বলেন, গত জুলাইয়ে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং রাজ্যের কানি শহরে ৪০ জন ব্যক্তির লাশ পাওয়া যায়। এ ছাড়া মিয়ানমারের ক্ষমতাসীন জান্তার ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা দিতে ফের আহ্বান জানান তিনি।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। প্রথমে তারা এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সম্প্রতি তা বাড়িয়ে দুই বছর করা হয়েছে।
মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। তিনি গত রোববার এক টেলিভিশন ভাষণে আগামী দুই বছরের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৩ সালের আগস্টের মধ্যে দেশটিতে নির্বাচন আয়োজনের কথা বলেছেন তিনি। তাঁর এ ঘোষণাকে সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

মিয়ানমারে জান্তা শাসনবিরোধী বিক্ষোভে নয় শতাধিক মানুষ নিহত হয়েছে। আটক-গ্রেপ্তার হাজারো। সু চিসহ দেশটির অনেক রাজনৈতিক নেতা জান্তার হাতে বন্দী।