ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি গোলার আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত ও ২০০ জন আহত হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১৭তম দিনে এ হামলা চালানো হলো।
আল জাজিরার খবরে বলা হয়, বেইত হানুন শহরের ওই স্কুলটি আপত্কালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হয়। শুরুতে এ হামলায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে তা ১৫ জন বলে নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনের শরণার্থীদের ত্রাণ সহায়তায় নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর পরিচালক রবার্ট টার্নার আল জাজিরাকে জানান, গোলা ছোড়ার আগে ইসরায়েলের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তিনি হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি (স্কুল) স্বীকৃত আপত্কালীন আশ্রয়কেন্দ্র। এ ব্যাপারে ইসরায়েলিরা অবগত ছিল।
জাতিসংঘ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে ইসরায়েলের হামলা প্রসঙ্গে টার্নার বলেন, ‘এ নিয়ে গত তিন দিনে চারবার আমাদের স্থাপনায় হামলা হলো।’
সশস্ত্র ফিলিস্তিনের অভয়ারণ্য আখ্যা দিয়ে এর আগেও ইসরায়েল গাজার জাতিসংঘ নিয়ন্ত্রিত স্কুলে হামলা চালিয়েছে। ওই স্কুলগুলোতে লুকিয়ে থাকা এবং এগুলোকে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করায় ফিলিস্তিনি যোদ্ধাদের সমালোচনা করেছে জাতিসংঘ।
আজ হামলার শিকার স্কুলটিতে সামরিক কার্যক্রম প্রসঙ্গে টার্নার বলেন, এটিকে ঘিরে কোনো সামরিক কার্যক্রম পরিচালিত হওয়ার তথ্য আমাদের কাছে ছিল না। এখানকার বেসামরিক লোকজন যেন ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারে সব সময় আমরা বিভিন্ন পক্ষকে আহ্বান জানিয়েছি।’
বাড়ছে নিহত মানুষের সংখ্যা
গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার হাজার ৬০০ জনের বেশি মানুষ। অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে এ পর্যন্ত দুই বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছে। নিহত হয়েছে ৩২ ইসরায়েলি সেনা। এক সেনা এখনো নিখোঁজ আছে। ধারণা করা হচ্ছে, ওই সেনা মারা গেছে।