জাতীয় পতাকা নিয়ে তালেবানের সঙ্গে বিক্ষোভ, গুলিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালালাবাদের গুরুত্বপূর্ণ স্কয়ারে আবারও জাতীয় পতাকা উড়ান সেখানকার লোকজন
ছবি ভিডিও ফুটেজ থেকে নেওয়া

আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্ব দিকে অন্যতম প্রধান শহর জালালাবাদে তালেবানের পতাকা নামিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন ক্ষুব্ধ ব্যক্তিরা। এ সময় গুলিতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আল–জাজিরা জানায়।

কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার সাংবাদিক রক ম্যাকব্রাইড কাবুল থেকে জানান, ‘আফগানিস্তানের অবস্থা এখনো সহিংস। তিনি বলেন, জালালাবাদ থেকে আমরা বেশ কয়েকটি গুরুতর বিশৃঙ্খলার খবর পেয়েছি। কাবুলের পূর্ব দিকে পাকিস্তান সীমান্তে এটি খুবই গুরুত্বপূর্ণ শহর। এটি একই সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরীও। সেখানে জাতীয় পতাকাকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে।’

জালালাবাদে জাতীয় পতাকা হাতে সেখানকার বাসিন্দারা বিক্ষোভ করেন
ছবি ভিডিও ফুটেজ থেকে নেওয়া

তালেবান দখল নেওয়ার পর থেকে তারা আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে তালেবানের পতাকা টানিয়ে দিচ্ছিল। আমরা কাবুলেও এটা দেখেছি। অনেকেই তালেবানের এ আচরণে নাখোশ। তারপর তারা মেনে নিয়েছে। কিন্তু জালালাবাদের লোকজন তা মেনে নেয়নি। সেখানকার লোকজনের একটি বড় অংশ এর প্রতিবাদ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে শ খানেক লোক পতাকা হাতে নিয়ে রাস্তায় বিক্ষোভ করছেন।

পরে তাঁরা জালালাবাদের গুরুত্বপূর্ণ স্কয়ারে আবারও জাতীয় পতাকা টানিয়ে দেন এবং এ নিয়ে তখন তালেবানের সঙ্গে সংঘর্ষ হয়। গোলাগুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

আল–জাজিরার আরেক সাংবাদিক আলী এম লতিফি কাবুল থেকে জানান, ওই গোলাগুলিতে অন্তত ২ জন নিহত ও ১২ জন আহত হন।

এদিকে বিবিসির পশতু সার্ভিসের খবরে বলা হয়, জালালাবাদ, কুনার ও খোস্ত শহরে দেশটির জাতীয় পতাকা হাতে তালেবানবিরোধী বিক্ষোভ হয়েছে।

তবে এই বিক্ষোভ এখনই পুরো দেশে ছড়িয়ে পড়বে কি না, তা বলার সময় আসেনি। তবে দ্রুতই অনেক কিছু পাল্টে যাচ্ছে ও তালেবান এ নিয়ে চিন্তিত বলে বিবিসির পশতু সার্ভিসের সাংবাদিকেরা জানিয়েছেন।

কাবুল থেকে ১৫০ কিলোমিটার উত্তরে পাঞ্জশির ভ্যালি থেকে অসমর্থিত সূত্রে পাওয়া কিছু ভিডিওতে দেখা গেছে, সাবেক নর্দান অ্যালায়েন্সের পতাকা হাতে একদল লোক মোটরসাইকেলে মহড়া করছে। সেখান থেকে সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ‘বাহিনীকে প্রতিরোধের’ ডাক দেয়। সালেহ নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করেছেন।

তাজিকিস্তানে থাকা আফগান দূতাবাসে ইতিমধ্যে প্রেসিডেন্ট হিসেবে তাঁর ছবি টানানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।