জান্তা হেফাজতে মিয়ানমারে সাংবাদিকের মৃত্যু, দাবি সহকর্মীদের
মিয়ানমারে সামরিক জান্তার হেফাজতে একজন ফ্রিল্যান্স আলোকচিত্রীর মৃত্যু হয়েছে। জান্তাবিরোধী বিক্ষোভ থেকে গত সপ্তাহে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম কোয়ে সোয়ে নাইং। ওই সাংবাদিকের কয়েকজন সহকর্মী এবং এক বন্ধু জান্তা হেফাজতে ওই আলোকচিত্রীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
গত ২ ফেব্রুয়ারি অভ্যুত্থান করে মিয়ানমারের সেনাবাহিনী। নির্বাচিত অং সান সু চির সরকারকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে। এর পর থেকে শতাধিক সাংবাদিক গ্রেপ্তার হন। তবে তাঁদের অর্ধেকের বেশি ইতিমধ্যে ছাড়াও পেয়েছেন। এই প্রথম জান্তা কর্তৃপক্ষের হেফাজতে কোনো সাংবাদিকের মৃত্যু হলো।
ফ্রিল্যান্স সাংবাদিকতা ছাড়া কোয়ে সোয়ে নাইং ছিলেন একজন গ্রাফিক ডিজাইনার।
গত শুক্রবার মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের উপকণ্ঠে জান্তাবিরোধী বিক্ষোভ চলছিল। নীরব থেকে অভিনব প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা। সেখানে কোয়ে ও তাঁর এক সহকর্মী ছবি তুলছিলেন। তখন গ্রেপ্তার হন তিনি।
ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সেনাশাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়। শুক্রবার দেশজুড়ে ওই বিক্ষোভ ছিল গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড়। ওই দিন মিয়ানমারের রাস্তাগুলো ছিল জনশূন্য। সবাই ছিল বাড়িতে। একে অপরের সঙ্গে ফোনে কথা বলেছে। ছয় ঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
ক্ষমতা দখলের পর বিক্ষোভ দমনে তথ্যের অবাধ প্রবাহ ঠেকাতে তৎপর হন মিয়ানমারের জান্তারা। এ জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমকর্মীদের গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু গণমাধ্যমপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়েছে। অনেকে আবার গোপনে কাজ করতে বাধ্য হচ্ছে।