জাপান আর যুদ্ধ চায় না: আবে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি হামলার শিকার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ঐতিহাসিক পার্ল হারবার পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ৭৫ বছর আগে ওই হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি ‘আন্তরিক ও গভীর সমবেদনা’ প্রকাশ করেন তিনি। এ সময় আবের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন। আজ বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
আবে বলেন, ‘আমরা চাই না যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি আর কখনোই ঘটুক। জাপানের মানুষ এই ব্রত নিয়েছে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালে পার্ল হারবারে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে বিধ্বংসী বিমান হামলা চালিয়েছিল জাপান। ওই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ২ হাজার ৩০০ সদস্য নিহত এবং ঘাঁটিতে অবস্থান করা আটটি যুদ্ধজাহাজের সব কটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলার প্রতিক্রিয়া হিসেবে সরাসরি যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর এবারই প্রথম এ দুটি দেশের নেতারা একসঙ্গে পার্ল হারবার পরিদর্শন করলেন।
ওই নৌঘাঁটিতে নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আবে। একই সঙ্গে দুই দেশের পুনর্মিলন ও শান্তির আহ্বান জানিয়েছেন।
দুই দেশের মধ্যে যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা অব্যাহত রেখেছে, তার জন্য আবে যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে নতুন করে এই মিলনকে ‘আশার ঐক্য’ বলে উল্লেখ করেন।
রয়টার্সের খবরে বলা হয়, পুনর্মিলন নিয়ে আবের বক্তব্যকে ঐতিহাসিক উল্লেখ করে প্রেসিডেন্ট ওবামা বলেন, এটি স্মরণ করিয়ে দেয় যে গভীর ক্ষতও কখনো কখনো বন্ধুত্ব ও দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে পারে।
পার্ল হারবারে মার্কিন নৌবহরে হামলার ৭৫তম বার্ষিকীর তিন সপ্তাহ পর সেখানে গেলেন শিনজো আবে। এর আগে এ ধরনের এক সফরে চলতি বছরের প্রথম দিকে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা শহর পরিদর্শন করেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মানবেতিহাসের প্রথম আণবিক হামলা চালিয়েছিল এই হিরোশিমাতেই।