জাপান কি আইএসের পরবর্তী টার্গেট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার গুলশানে কূটনৈতিক পাড়ায় ১ জুলাই একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সাত জাপানি নিহত হওয়ার পর এখনো ধাক্কা সামলে উঠতে পারেননি জাপানিরা। ওই হামলায় জঙ্গিদের হাতে প্রাণ গেছে দেশি-বিদেশি মোট ২২ জনের। হামলাকারী বাংলাদেশি তরুণদের লক্ষ্যই ছিল অমুসলিম বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা।

গুলশানের ওই হামলার পর থেকেই জনমনে কয়েকটি প্রশ্ন ঘুরেফিরে উঠছে। ইসলামিক স্টেট (আইএস) ও তার অনুসারীরা কি জাপানেও এ ধরনের হামলার পরিকল্পনা আঁটছে? দেশটিতে অরক্ষিত লক্ষ্যবস্তুর কোনো অভাব নেই। জঙ্গিরা কি এরই মধ্যে জাপানে ঢুকে পড়েছে? নাকি দেশের ভেতর তাদের স্লিপার সেল নিজেদের অবস্থান নিয়ে নিয়েছে? জঙ্গিরা যদি ঢুকেই থাকে জাপানে, তাহলে কোন জায়গাগুলোয় তারা হামলা চালাতে পারে?

জাপানের ডানপন্থী ট্যাবলয়েড ইউকান ফুজি ৭ জুলাই তাদের সংবাদ শিরোনামে ‘এ আগুন নদীর বিপরীত পারের নয়’ অর্থাৎ ‘এ বিপদ কেবল অন্যের নয়’ মন্তব্য করে শঙ্কা প্রকাশ করে।

 ইসলামিক টেরোরিস্টস বইয়ের লেখক বুনতারো কুরোই বলেন, বেশ আগে থেকেই জঙ্গিরা অরক্ষিত লক্ষ্যে হামলা চালিয়ে আসছে। ইন্দোনেশিয়ার বালিতে ২০০২ সালে একটি ডিস্কোতে হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি বিশ্বজুড়েই অরক্ষিত বা কম সুরক্ষিত লক্ষ্যে হামলার হার বেড়েছে।

ইউকান ফুজি তাদের প্রতিবেদনে গত মাসে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় একটি সমকামী নাইটক্লাবে হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনাকেও উদাহরণ হিসেবে উপস্থাপন করে। এতে বলা হয়, জাপান কেন, কোনো জায়গাই নিরাপদ নয়।

সামরিক বিষয়ে জাপানের বিশেষজ্ঞ লেখক মিৎসুহিরো সেরা বলেন, ‘জাপানের প্রেক্ষাপট যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো নয়। এখানে আগ্নেয়াস্ত্র পাওয়া সহজ নয়। আমাদের শুধু বোমা তৈরির সরঞ্জাম সরবরাহ ও বিপণনের ওপর কড়া নজর রাখতে হবে। কারণ, রসায়নে ভালো জ্ঞান আছে এমন যে কেউ এসব সরঞ্জাম হাতে পেলে বোমা তৈরি করতে পারবেন।’ তাঁর মতে কনসার্ট হল, সংগীতানুষ্ঠান কিংবা আতশবাজি প্রদর্শনের মতো জনবহুল স্থানগুলো জাপানে জঙ্গিদের লক্ষ্যবস্তু হতে পারে।

মিৎসুহিরো সেরা বলেন, জুলাই ও আগস্ট মাসজুড়ে জাপানে বেশ কয়েকটি উৎসব হয়। কাজেই এ সময় জনবহুল লক্ষ্য খুঁজে বের করা কঠিন হবে না। তাঁর মতে, জাপানের দ্রুতগামী রেল ও অন্যান্য যোগাযোগব্যবস্থায় নিরাপত্তা আরও জোরদার করা উচিত। তিনি বলেন, ২০১৫ সালে পেনশনভোগী এক বয়স্ক লোক একটি বুলেট ট্রেনে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। আর এ সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক নারী যাত্রীরও মৃত্যু হয়। এরপরই রেলসেবায় নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। কিন্তু খরচসহ অন্যান্য সমস্যার কথা বলে এই নিরাপত্তা প্রস্তাব নাকচ করে দিয়েছিল কর্তৃপক্ষ।