দুই জাপানি জিম্মির একজনকে শিরশ্ছেদ করে হত্যা করেছে ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএ)। গত মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে আইএসের মুখোশধারীরা মুক্তিপণ হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে ২০ কোটি মার্কিন ডলার না দিলে দুজনকেই মেরে ফেলার হুমকি দিয়েছিল।
এ ঘটনাকে ‘জঘন্য ও ক্ষমার অযোগ্য’ বলে বর্ণনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করে আবেকে বলেছেন, যুক্তরাষ্ট্র জাপানের পাশে আছে। খবর এএফপি ও বিবিসির।
জাপানি নিরাপত্তা ঠিকাদার হারুনা ইউকাওয়া গত আগস্ট মাসে গৃহযুদ্ধপীড়িত সিরিয়ায় অপহরণের শিকার হন। এরপর সম্ভবত তাঁকে মুক্ত করার চেষ্টা করতে অক্টোবর মাসে সিরিয়ায় যান ফ্রিল্যান্স সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা কেনজি গোতো। কিন্তু অপহরণকারীরা তাঁকেও আটক করে। মুক্তিপণ দেওয়ার সময়সীমা গত শুক্রবার দুপুরে পার হওয়ার পর থেকে দুই জাপানির ভাগ্যে কী ঘটেছে, তা অস্পষ্ট ছিল। শনিবার প্রকাশিত নতুন আরেকটি ভিডিওতে আইএস বলে, জিম্মি হারুনা ইউকাওয়াকে হত্যা করা হয়েছে। প্রায় তিন মিনিটের ভিডিওটিতে দেখা যায়, ইউকাওয়ার মৃতদেহের একটি ছবি অন্য জিম্মি কেনজি গোতো ধরে আছেন। ভিডিওটিতে একটি অডিওবার্তাও যুক্ত করা আছে, যার কণ্ঠটি গোতোর বলেই মনে করা হচ্ছে। এতে তিনি জঙ্গিদের দাবি অনুযায়ী মুক্তিপণ না দেওয়ায় ইউকাওয়ার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী আবেকে দায়ী করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, জঙ্গিরা তাঁর মুক্তির বিনিময়ে এখন আর অর্থ চাইছে না। তারা ‘তাদের বোনে’র মুক্তি চায়। এই ‘বোন’ হচ্ছে ইরাকি নারী সাজিদা আল-রিশাবি। তিনি জর্ডানে ২০০৫ সালে আত্মঘাতী হামলার চেষ্টার অভিযোগে আটক হন। সাজিদা আইএস নেতা আবু বকর আল-বাগদািদর বোন বলে মনে করা হয়।
সদ্য প্রকাশিত ভিডিওটির সত্যতা এবং এর সঙ্গে জুড়ে দেওয়া অডিওটির কণ্ঠ কেনজি গোতোর কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে জাপান বলেছে, তারা একে বিশ্বাসযোগ্য বলেই মনে করছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। ভিডিওটিকে বিশ্বাসযোগ্য আখ্যায়িত করে তিনি বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জঘন্য এবং ক্ষমার অযোগ্য।’ দ্বিতীয় জিম্মি গোতোর মুক্তিও দাবি করেন তিনি।