জাপানি শিল্পীর 'একটাই জীবন'

ভূমিকম্প ও সুনামি এবং এর জের ধরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিপর্যয়—এই তিনের আঘাতে ২০১১ সালের মার্চে জাপানের উত্তর-পূর্বাঞ্চল বিধ্বস্ত হয়। এসবের প্রত্যক্ষদর্শী ছিলেন দেশটির সমকালীন জনপ্রিয় চিত্রশিল্পী ইয়োশিতোমো নারা। বিপর্যয়ের ভয়াবহতায় আরও অনেক কিছুর পাশাপাশি ছবি আঁকার প্রেরণাও হারিয়েছিলেন নারা।
তবে সময়ের পরিক্রমায় জীবন-মৃত্যুর গুরুত্ব আবার ধরা পড়েছে শিল্পী নারার উপলব্ধিতে। তিনি আবার ছবি আঁকছেন। হংকংয়ের আর্ট ব্যাসেল গ্যালারিতে চলছে তাঁর চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর শিরোনাম ‘একটাই জীবন’। খবর এএফপির।
বিভ্রান্তিকর সারল্যই নারার ছবির বৈশিষ্ট্য। অনেকটা ব্যঙ্গচিত্র বা কার্টুনের মতো ক্যানভাসে তিনি আঁকেন। অল্পবয়সী মেয়ে ও প্রাণীরাই তাঁর ছবির চরিত্র। ৫৫ বছর বয়সী এই শিল্পী চার বছর আগে সেই দুর্যোগ দেখে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েন যে আর ছবি আঁকায় মন বসাতে পারছিলেন না। ওই দুর্যোগে হাজারো মানুষ নিহত হয়। আর ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পরিণাম এখনো ভোগ করছে মানুষ। এসবের প্রভাবেই নারার সাম্প্রতিক ছবিগুলোতে প্রতিফলিত হচ্ছে মৃত্যু ও জীবনের গুরুত্ব। জাপানের বাইরে এশিয়ায় তাঁর ছবির সবচেয়ে বড় প্রদর্শনী চলছে হংকংয়ের আর্ট ব্যাসেল গ্যালারিতে। একটাই জীবন শিরোনামের একটি ছবির নামে এ প্রদর্শনীর নামকরণ। ছবিটির চরিত্র এক নিষ্পাপ মেয়ে—হাতে একটি কঙ্কাল।
এএফপির সঙ্গে আলাপচারিতায় নারা বর্ণনা করেন ফুকুশিমা বিপর্যয়ে তাঁর ব্যক্তিগত জীবন ওলট-পালট হওয়ার কাহিনি, জাপানি চিত্রকলায় ওই ঘটনার প্রভাব, নিজের ছবি এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রভৃতি। ছবি আঁকায় মনোযোগ হারিয়ে একসময় তিনি ভাস্কর্য নির্মাণ শুরু করেছিলেন। তিনি বলেন, ওই দুর্যোগে জাপানের ইতিহাসের একটি অংশ হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী জাপানি মৃৎশিল্পের জন্য বিখ্যাত একটি জায়গা একেবারে ধ্বংস হয়েছে। সেখানকার বেশ কয়েকটি জাদুঘরের অমূল্য নিদর্শনগুলো এখন নিশ্চিহ্ন। কেবল শিল্পকর্ম নয়, মানুষের মন থেকে তাদের পরিবারের ছবিও হারিয়ে গেছে। ঘরবাড়ির সঙ্গে সঙ্গে অ্যালবামে রাখা মা-বাবা ও স্বজনদের ছবি হারিয়ে যাওয়াটা আরও বেদনাদায়ক।