তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করার পর জাপান সরকার যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করে আফগানিস্তান দূতাবাসে কর্মরত শেষ ১৫ জন জাপানি নাগরিককে ব্রিটিশ বিমানে দুবাইতে সরিয়ে নেয়। তবে সেই খবর প্রকাশ হওয়ার পর থেকে ভিন্ন একটি কারণে জাপানকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কারণটি হলো, জাপানি কূটনীতিকেরা ঝটপট আফগানিস্তান থেকে সরে গেলেও জাপানি দূতাবাস ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি জাইকার কাবুল কার্যালয়ে কর্মরত প্রায় শ দুয়েক আফগানের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম চিন্তাভাবনা জাপান করেনি। অন্য কথায় নিজের দেখভাল নিজেদের করার উপদেশ এদের দিয়ে কাবুল থেকে এ রকম এক সময়ে জাপান সরে যায়, পশ্চিমের দেশগুলো যখন কেবল নিজেদের নাগরিকই নয়, একই সঙ্গে দূতাবাস কিংবা অন্যান্য দপ্তরে কাজ করা আফগানদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। সেই উদ্ধার অভিযান এ কারণে এখনো অব্যাহত আছে, পশ্চিমের দেশগুলো শঙ্কিত যে বিদেশি শক্তিকে সাহায্য করার কাজে দুই দশক ধরে যেসব আফগান কর্মরত ছিলেন, তালেবান সুযোগ পেলে তাঁদের ধরে নিয়ে যাবে এবং হত্যা করবে।
জাপানের সংবাদমাধ্যমে জাপানি দূতাবাস ও কাবুলের জাইকা কার্যালয়ে কাজ করা আফগানদের প্রতি দেখানো উদাসীনতার খবর প্রচারিত হওয়ার পর জাপান সরকারকে শেষ পর্যন্ত তাঁদের উদ্ধার করার জন্য বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
সেই সঙ্গে আফগানিস্তানে থেকে যাওয়া বেসরকারি পর্যায়ের অন্য জাপানি নাগরিকদের ফিরিয়ে আনার বিষয়টিও সরকার একই সঙ্গে বিবেচনা করে দেখে এবং উদ্ধার অভিযান চালানোর জন্য জাপানের আত্মরক্ষা বাহিনীর তিনটি পরিবহন বিমান শুরুতে ইসলামাবাদে পাঠানো হয়। জাপান সরকার ধারণা করেছিল, জাপানি নাগরিক এবং জাপানের সঙ্গে সম্পর্কিত আফগান, তাদের পরিবারের সদস্যসহ মোট প্রায় ৫০০ জনকে কাবুল থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে। উদ্ধারকাজে সহায়তা করার জন্য বিমান ও স্থলবাহিনীর ২৬০ জন সদস্যকেও পরিবহন বিমানে কাবুল পাঠানো হয়।
আত্মরক্ষা বাহিনীর তিনটি বিমান ২৫ আগস্ট সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছায় এবং সেখান থেকে গত বুধ ও বৃহস্পতিবার কয়েক দফায় কাবুল বিমানবন্দরে অবতরণ করে উদ্ধারপ্রত্যাশীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার অপেক্ষায় থাকে। জাপান সরকার এর আগে ঘোষণা করেছিল যে জাপানি নাগরিক ও আফগানদের নিজ দায়িত্বে বিমানবন্দরে উপস্থিত হতে হবে।
মার্কিন সামরিক প্রহরাধীনে থাকা বিমানবন্দরের নিরাপত্তা গেট পার হওয়ার পর পরিচিতি যাচাই করা ও অন্যান্য বহির্গমন প্রক্রিয়া সেরে নেওয়ার জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকে সেখানে মোতায়েন রাখা হয়েছে। তবে তিনটি পরিবহন বিমান ব্যবহার করে দুই দিন ধরে চালানো সেই প্রচেষ্টায় মাত্র একজন জাপানি নাগরিককে সরিয়ে আনা জাপানের পক্ষে সম্ভব হয়েছে এবং অন্য আর কেউ বিমানবন্দরে উপস্থিত হননি।
ধারণা করা হয়, তালেবান বাহিনী শহরে এবং বিমানবন্দরের বাইরে নিজেদের উপস্থিতি আরও জোরদার করে নেওয়ায় সেই বাধা পার হওয়ার মতো ঝুঁকি উদ্ধারপ্রত্যাশী অন্য আর কেউ নিতে চাননি। এ ছাড়া এমনও হতে পারে যে ঝুঁকি নিয়ে বিমানবন্দরের কাছাকাছি উপস্থিত হলেও প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তালেবান হয়তো তাঁদের আর সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে তিন বিমানের কাবুলে একাধিকবার অবতরণ শেষে এখন পর্যন্ত একজনমাত্র জাপানি নাগরিককে ফিরিয়ে আনা জাপানের এই উদ্ধার মিশনের পক্ষে সম্ভব হয়েছে। ভাগ্যবান সেই ব্যক্তির পরিচয় জাপানের সংবাদমাধ্যমে এসেছে। তিনি হলেন ৫৭ বছর বয়সী নারী হিরোমি ইয়াসুই, কাবুলে নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালানো ছাড়াও জাপানি বার্তা সংস্থা কিওদো নিউজের জন্য স্ট্রিঙ্গার হিসেবে তিনি কাজ করেন।
জাপানের সরকারি কিছু সূত্র জানিয়েছে, যাদের লক্ষ্য ধরে নেওয়া হয়েছে, সে রকম লোকজনকে উদ্ধার করা সম্ভব না হলেও জাপানের প্রতিরক্ষা বাহিনীর পরিবহন বিমান আফগানিস্তানের ১৪ জন সরকারি কর্মকর্তাকে কাবুল থেকে ইসলামাবাদে নিয়ে এসেছে। এরা সবাই আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকায় প্রাণহানির হুমকির মুখে তাঁরা ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো অনুরোধে সারা দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয় বলেও সূত্রসমূহ উল্লেখ করেছে।
এদিকে শুক্রবার শেষ বেলায় জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার অভিযান এবং সেই কাজে এ পর্যন্ত হওয়া অগ্রগতি নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেছিল। তবে ঠিক কতজনকে উদ্ধার করা হয়েছে, কোন সংগঠনে তাঁরা কর্মরত এবং কীভাবে তাঁরা কাবুল বিমানবন্দরে উপস্থিত হয়েছেন, সেসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য কর্মকর্তারা সেখানে দেননি। এ ছাড়া কাবুল বিমানবন্দর এলাকায় বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলার পর উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে কি না, সেই প্রশ্নের পরিষ্কার কোনো জবাবও তাদের কাছ থেকে পাওয়া যায়নি। জাপানের দুই শতাধিক সেনাসদস্য উদ্ধার অভিযানে জড়িত থাকলেও কাবুল বিমানবন্দরের বাইরে পাঠিয়ে অবশিষ্ট জাপানি নাগরিক ও জাপানের সঙ্গে সম্পর্কিত আফগানদের নিয়ে আসার কাজে তাঁদের জড়িত করার সম্ভাবনা বলা যায় একেবারেই নেই। এর কারণ হচ্ছে, জাপানের আত্মরক্ষা বাহিনীসংক্রান্ত আইনে সেনা দস্যরা অস্ত্র সঙ্গে রাখলেও যুদ্ধাবস্থাতেই কেবল সেই অস্ত্র ব্যবহারের অনুমতি তাঁরা পেয়ে থাকেন। আফগানিস্তান যেহেতু সরকারিভাবে যুদ্ধাবস্থায় নেই, ফলে অস্ত্র ব্যবহারের অনুমতি না থাকায় বিমানবন্দরের ভেতরেই তাঁরা অবস্থান করছেন।
গতকাল এক সংবাদ সম্মেলনে জাপান সরকারের শীর্ষ মুখপাত্র চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাৎসুনোবু কাতো বলেছেন, জাপানি নাগরিক ও স্থানীয় আফগানদের সরিয়ে নিতে আত্মরক্ষা বাহিনীর বিমানগুলোকে প্রস্তুত অবস্থায় রাখা হবে। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি খুবই অনিশ্চিত থেকে যাওয়ায় সতর্কতার সঙ্গে জাপানকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে জাপান সরকারের অন্য কয়েকটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, খুব খারাপ অবস্থা হঠাৎ দেখা দিলে মিশন বাতিল করে দেওয়ার বিষয়টি সরকারকে ভেবে দেখতে হবে।
এদিকে উদ্ধার অভিযান স্থগিত করে দেওয়া না হলেও কাবুল থেকে সরিয়ে আনা আফগানদের কোথায় নিয়ে যাওয়া হবে, তা নিয়ে নানা রকম জল্পনা-কল্পনা এখন সামাজিক মাধ্যমে চলছে। জাপানে অনেকেই তাঁদের দেশে নিয়ে আসার বিরোধিতা এ কারণে করছেন যে তাঁদের আশঙ্কা সেই সুযোগে উগ্রপন্থী চিন্তাভাবনার অনুপ্রবেশ দেশে ঘটতে পারে। জাপান সরকারও অবশ্য তাঁদের কোথায় নিয়ে যাওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। সরকারি কিছু সূত্র এর আগে জানিয়েছিল যে জাপানে নয়, বরং তৃতীয় একটি দেশে তাঁদের নিয়ে যাওয়া হবে। নিরাপত্তার উল্লেখ করে তৃতীয় সেই দেশের নাম প্রকাশ করা থেকে জাপান এখনো বিরত আছে।