জাপানে আণবিক বোমা হামলার ৭৫তম বার্ষিকী পালনে প্রস্তুতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তি স্মৃতি উদ্যানের রেস্ট হাউস ভবন, বোমা হামলায় বিধ্বস্ত হওয়ার আগে। ছবি: সংগৃহীত
শান্তি স্মৃতি উদ্যানের রেস্ট হাউস ভবন, বোমা হামলায় বিধ্বস্ত হওয়ার আগে। ছবি: সংগৃহীত

জাপানজুড়ে করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বিস্তৃত হওয়ার মুখে আণবিক বোমা হামলার ৭৫তম বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে ১৯৪৫ সালে বোমা হামলায় বিধ্বস্ত জাপানের দুই শহর হিরোশিমা আর নাগাসাকি। উভয় শহরের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে করোনাভাইরাসের কারণে এবারের বিভিন্ন স্মারক অনুষ্ঠানের আকার হবে সীমিত পর্যায়ের। জাপানের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন জেলা প্রশাসন ভাইরাসের বিস্তার সামাল দেওয়ার উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জনগণের প্রতি জানানো অব্যাহত রাখায় বরাবরের মতো বড় ধরনের স্মারক অনুষ্ঠান আয়োজনের সুযোগ এখন নেই। ফলে ৭৫তম বার্ষিকী গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক হওয়া সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে হিরোশিমা ও নাগাসাকিকে সীমিত পর্যায়ের অনুষ্ঠানের পথে যেতে হচ্ছে।

তবে আণবিক বোমা হামলার বার্ষিকী পালনের পেছনে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার ধারণা অগ্রাধিকার পাওয়ায় উভয় শহরের মেয়র আগস্ট মাসের ৬ ও ৯ তারিখে যে বার্তা প্রচার করবেন, দুটি কারণে তা হবে অন্যান্য বছরের চেয়ে অনেকটা ভিন্ন এবং অনেক বেশি অর্থবহ। প্রথম কারণ অবশ্যই হচ্ছে ৭৫তম বার্ষিকীর মাইলফলক। দ্বিতীয় কারণটি সারা বিশ্বের মোকাবিলা করতে হওয়া নতুন সংকটের সঙ্গে সম্পর্কিত। করোনাভাইরাসের বিস্তার নতুন করে অস্ত্রসজ্জার পেছনে অর্থ ব্যয়ের রাশ টেনে ধরে জনস্বাস্থ্যের মতো কল্যাণকর খাতে তহবিল সরবরাহের যৌক্তিকতা যে আরও ভালোভাবে আমাদের সামনে তুলে ধরছে, জাপানের আণবিক বোমা হামলায় বিধ্বস্ত দুই শহরের মেয়রদের বার্তায় সেদিকটি উঠে আসবে বলে অনেকেই মনে করছেন।

আণবিক বোমা হামলার বার্ষিকী সামনে রেখে উভয় শহরে প্রাসঙ্গিক বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। হিরোশিমা শহরের সে রকম একটি অনুষ্ঠান ছিল বোমা বিস্ফোরিত হওয়ার কেন্দ্রবিন্দু থেকে অল্প দূরে অবস্থিত একটি ভবনের সংস্কার–পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠান। শান্তি স্মৃতি উদ্যানের এক কোণে অবস্থিত তিনতলা ভবনটি এলাকাজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে থাকা বিভিন্ন স্থাপনা ও নিদর্শন দেখতে আসা ভ্রমণকারীদের জন্য রেস্ট হাউস হিসেবে কাজ করছে। ১৯৪৫ সালের ৬ আগস্ট বোমা নিক্ষিপ্ত হওয়ার ঠিক পরপর ব্যাপক ক্ষতি ভবনটির হলেও এর কংক্রিট কাঠামো অনেকটাই অক্ষত ছিল। পরে এটার সংস্কার করে নেওয়া হলেও পুরোনো চেহারা ধরে রাখা হয়নি। বোমা হামলার ৭৫তম বার্ষিকী সামনে রেখে সেই ভবনটিকে এখন এর আগের চেহারায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

নতুন করে সংস্কার করে নেওয়া ভবন। ছবি: সংগৃহীত
নতুন করে সংস্কার করে নেওয়া ভবন। ছবি: সংগৃহীত

গ্রাউন্ড জিরো থেকে ১৭০ মিটার দূরে অবস্থিত সে ভবনটি যুদ্ধ চলাকালে হিরোশিমা জেলার জ্বালানি বিতরণ সমিতির কার্যালয় হিসেবে কাজ করছিল। ১৯২৯ সালে ভবনটি নির্মিত হওয়ার পর থেকে সেটা ছিল শহরের বিখ্যাত একটি কিমোনোর দোকান। তবে যুদ্ধের সময় কিমোনোর চাহিদা পড়ে যাওয়ায় দোকানটি বন্ধ হয়ে গেলে জ্বালানি বিতরণ সমিতির কার্যালয় সেখানে উঠে আসে। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে সমিতির ৩৭ জন কর্মী ভবনে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে মাত্র একজন প্রাণে বেঁচে গিয়েছিলেন। বোমা বিস্ফোরিত হওয়ার সময় মাটির নিচের তলায় অবস্থান করায় এইজো নোমুরা সেদিন প্রাণে বেঁচে গেলেও বাকি জীবন তাঁকে নানা রকম অসুস্থতায় ভুগতে হয়েছে। ১৯৮২ সালে ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সেদিন ঠিক কী হয়েছিল, তার অনেক বর্ণনা তিনি লিখে গেছেন এবং ছবি এঁকেও তা তুলে ধরার চেষ্টা করেছেন। মাটির নিচের তলাটি ছিল দলিলপত্র রাখার জায়গা। গ্রীষ্মের সকালে একটু আগে অফিসে গিয়ে জরুরি সভার পর প্রয়োজনীয় কিছু দলিলের খোঁজে নিচে যাওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ধরে গেলেও কংক্রিটের মূল কাঠামো অক্ষত থেকে যাওয়ায় অনেক কষ্টে সেখান থেকে তিনি বের হয়ে আসতে পেরেছিলেন।

আকিকো কাওয়ামোতোর পিয়ানো। ছবি: সংগৃহীত
আকিকো কাওয়ামোতোর পিয়ানো। ছবি: সংগৃহীত

যুদ্ধের শেষে পরাজিত জাপান সার্বভৌমত্ব ফিরে পাওয়ার পর ১৯৫৭ সালে হিরোশিমা জেলা সরকার ভবনটি অধিগ্রহণ করে। গ্রাউন্ড জিরো থেকে সবচেয়ে কাছের দ্বিতীয় ভবন সেটা হওয়ায় বিধ্বস্ত সেই ভবনটিকে বোমা হামলার স্মৃতি হিসেবে ধরে রাখার চিন্তাভাবনা করা হলেও সবচেয়ে কাছের আণবিক বোমা গুম্বজের ভবন তত দিনে ধ্বংসের বার্তাবাহী স্মৃতিচিহ্ন হয়ে ওঠায় সরকার সেটা নতুন করে তৈরি করে নেয় এবং ১৯৮২ সালে রেস্ট হাউস হিসেবে সেটা কাজ করতে শুরু করে। তবে বোমা হামলার ৭৫তম বার্ষিকী এগিয়ে আসার মুখে আবারও সেটা সংস্কার করে নিয়ে বোমা হামলা হওয়ার আগে ভবনটি যেমন ছিল সেই চেহারা এর ফিরিয়ে আনা হয়েছে। এমনকি সামনের সড়কের বাতিগুলোও আগের আদলে বসিয়ে নেওয়া হয়েছে।

এখনো সেই আগের মতো রেস্টহাউস হিসেবে কাজ করা নবায়নকৃত ভবনের দুয়ার জুলাই মাসের ১ তারিখে খুলে দেওয়া হয়েছে। সংস্কার করে নেওয়া সেই ভবনের মাটির নিচের তলার একটি অংশ জুড়ে আছে প্রদর্শনী কেন্দ্র, এইজো নোমুরার বিভিন্ন লেখা ও হাতে আঁকা ছবি ছাড়াও বোমা হামলার সঙ্গে সম্পর্কিত অন্য কিছু সামগ্রী সেখানে রাখা আছে দর্শকদের দেখার জন্য। এ ছাড়া একতলায় কাচ দিয়ে ঘিরে রাখা একটি অংশে দর্শকেরা আরও দেখতে পাবেন ভবনের ভেঙে যাওয়া কিছু অংশ। এর বাইরে দোতলায় আছে একটি ক্যাফে, যার এক কোনায় রাখা আছে বোমা হামলা থেকে রক্ষা পাওয়া একটি পিয়ানো। পিয়ানোটি রক্ষা পেলেও সেটা যিনি বাজাতেন, ১৯ বছর বয়সী সেই তরুণী আকিকো কাওয়ামোতো প্রাণে বাঁচতে পারেননি।