জাপানে আবারও বাড়ছে করোনার সংক্রমণ-মৃত্যু
জাপানে আঘাত হেনেছে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ। সংক্রমণের আগের দুই ঢেউয়ের চেয়ে এবারের ধাক্কা মারাত্মক হয়ে উঠেছে। ফলে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বেড়ে গেছে। এতে দুশ্চিন্তা বাড়ছে জাপান সরকারের।
জাপানে সংক্রমণ ও মৃত্যুতে গত বুধবার সংক্রমণ আর মৃত্যুর নতুন রেকর্ড হয়। এদিন ২ হাজার ৮১১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়। বুধবার করোনায় মারা গেছেন ৪৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ জনই উত্তরের হোক্কাইডো জেলায়। এখানে শীত এখন জেঁকে বসতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, শুধু হোক্কাইডোয় নয়, জাপানের অন্যান্য অঞ্চলেও শীতের প্রকোপ আরও বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ ও মৃত্যু বাড়বে।
রাজধানী টোকিওতে গতকাল বৃহস্পতিবার করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ৬০২ জন। টোকিওতে এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে রাজধানী শহরটিতে করোনা সংক্রমিত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫২৯ জনে।
টোকিওর মেট্রোপলিটন সরকার গত মাসে রাজধানীতে ভাইরাস সতর্কতা সর্বোচ্চ ধাপে উন্নীত করে। একই সঙ্গে রেস্তোরাঁ ও পানশালাগুলো প্রতিদিন রাত ১০টার মধ্যে বন্ধ করার অনুরোধ জানিয়েছিল। করোনাভাইরাস মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা নভেম্বরের শেষ দিকে দেশবাসীকে সতর্ক করে বলেছিলেন, ভাইরাস মোকাবিলায় অগ্রগতি অর্জনে আগামী তিন সপ্তাহ হবে খুবই গুরুত্বপূর্ণ সময়।
তিন সপ্তাহের সেই সময়সীমা শেষ হয়ে আসছে। কিন্তু কোনোরকম অগ্রগতি এখন পর্যন্ত দেখা যায়নি। উল্টো স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাপ বাড়তে শুরু করেছে ব্যাপক হারে। এ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। হোক্কাইডোয় পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার জন্য দেশের আত্মরক্ষা বাহিনীর চিকিৎসক দল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার বুধবার সামরিক চিকিৎসকদের দুটি দলকে হোক্কাইডোর সবচেয়ে বেশি রোগ ছড়িয়ে পড়া শহর আসাহিকাওয়ায় পাঠিয়েছে।
জাপান সরকার অবশ্য আগামী অর্থবছরের বাজেট পরিকল্পনায় করোনাভাইরাস মোকাবিলার জন্য বড় অঙ্কের তহবিল বরাদ্দ রেখেছে। তবে অনেকেই আশঙ্কা করছেন, সরকার দেশে মহামারি মোকাবিলার চেয়ে অলিম্পিক আয়োজন নিয়ে বেশি চিন্তিত। ফলে করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার, বেকার হয়ে পড়া এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
তবে করোনার টিকা কেনায় বেশ এগিয়ে জাপান। শুরু থেকেই দেশের কর্তৃপক্ষ স্থানীয়ভাবে টিকা উদ্ভাবনের চেয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্ভাবকদের টিকা বাজারে আনতে আগ্রহী। এ কারণে দেশ দুটির তিন কোম্পানিকে বড় অঙ্কের অর্থও পরিশোধ করে ফেলেছে সরকার। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না এবং যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে মোট ২৯ কোটি ডোজ টিকা কিনবে জাপান। যা দেশের সাড়ে ১৪ কোটি মানুষের জন্য দুইবার টিকা নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
শুধু তা–ই নয়, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার টিকা সংরক্ষণেরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফাইজারের টিকাটি সংরক্ষণ করতে হবে মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এমন ১০ হাজার ৫০০টি ডিপ ফ্রিজ কেনার ঘোষণা দিয়েছে জাপানের স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়। আর মডার্নার টিকা সংরক্ষণ করতে হবে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এ জন্য বিপুল পরিমাণ ড্রাই আইস কেনার কথাও বিবেচনা করা হচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সঠিক তাপমাত্রায় টিকা সংরক্ষণ ও বিতরণের একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা চলছে।