জাপানে ইংরেজি শেখাতে গিয়ে যে পরিণতি হলো রাথনায়েকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইশমা রাথনায়েকে
ছবি: সংগৃহীত

উইশমা রাথনায়েকে। আশির দশকে জন্ম নেওয়া এই নারী শ্রীলঙ্কার। ছোট বেলায় ‘ওশিন’ নামের একটি টিভি সিরিজ দেখে জাপানি একটি চরিত্রের ভক্ত হয়ে গিয়েছিলেন তিনি। জাপানি ওই সিরিজে দেখানো হয়েছিল কীভাবে একটি মেয়েশিশু দরিদ্রের মধ্যে বড় হয়ে পরে একটি জাপানি চেইন সুপারমার্কেটের প্রধান হয়েছিলেন। এর পর থেকে রাথনায়েকেও স্বপ্ন দেখতেন একসময় তিনি জাপানে যাবেন।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উত্তর-পূর্বাঞ্চলের গামপাহা শহরের বাসিন্দা রাথনায়েকে জাপানে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর স্বপ্নপূরণ হয়নি। সেই পরিণতি জানার আগে রাথনায়েকের বেড়ে ওঠা জেনে নেওয়া যাক।

দুই বোনের সঙ্গে উইশমা রাথনায়েকে (মাঝে)
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, রাথনায়েকে তাঁর বাবার কারণে জাপানি ভাষা শেখা শুরু করেন। রাথনায়েকে স্বপ্ন দেখতেন, একদিন তিনি জাপানে যাবেন। কিন্তু উইশমা রাথনায়েকের বাবা মারা যান। কিন্তু তাঁর স্বপ্নের পথে যাত্রা থেমে যায়নি। মাকে তিনি রাজি করাতে সক্ষম হয়েছিলেন যে এখন তিনি দেশের বাইরে গিয়ে ইংরেজি শিক্ষক হিসেবে রোজগার করতে সক্ষম। কারণ, তত দিনে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

রাথনায়েকের মা রাজি হয়েছিলেন। এরপর ২০১৭ সালে শিক্ষা ভিসায় জাপানে যান তিনি। আর এ অর্থের জোগান দিতে নিজেদের বাড়ি মর্টগেজ রাখতে হয় তাঁদের। রাথনায়েকে জাপানের রাজধানী টোকিওর শহরতলি নারিতায় থাকতে শুরু করেন।

অভিবাসন আইন নিয়ে জাপানে প্রতিবাদ
ছবি: সংগৃহীত

২৯ বছর বয়সে নারিতায় যান রাথনায়েকে। সেখানে তাঁর সময় বেশ কাটছিল। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা ছবিতে দেখা যায়, বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়িয়েছেন তিনি। বন্ধুত্ব হয়েছে নতুন নতুন মানুষের সঙ্গে। এ সময় শ্রীলঙ্কায় অবস্থানরত দুই বোন ওয়েওমি ও পূর্ণিমার সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো তাঁর। এই দুই বোনকে রাথনায়েকে জানিয়েছেন, সেখানে তিনি ভাষা শিখছেন এবং বেশ সুখে ছিলেন। ওয়েওমি জানান, রাথনায়েকে কখনো বলেননি খারাপ আছেন বা এ রকম কোনো ইঙ্গিতও দেননি।

২০১৮ সালে ভাষা শেখা বন্ধ করেছিলেন এবং পরে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে বহিষ্কৃত হয়েছিলেন, এসব তথ্যও পরিবারকে জানাননি রাথনায়েকে। ওই বছরের মে মাসে ভাষা শেখা ছেড়ে দেওয়ার পর একটি কারখানায় কাজ নেন তিনি। পরে ওই বছরের সেপ্টেম্বরে তিনি জাপানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ২০১৯ সালে জানুয়ারিতে তাঁর এ আবেদন প্রত্যাখ্যাত হয়। অর্থাৎ এরপর তিনি অবৈধ অভিবাসী হিসেবে জাপানে অবস্থান করছিলেন।

জীবন বদলে যায় রাথনায়েকের। বাড়িতে ফোন করা কমে যায়। ২০২০ সালের আগস্টে তিনি শিজুওকার একটি থানায় আত্মসমর্পণ করেন। ওই সময় পুলিশকে তিনি বলেছিলেন, রাগোয়া রিজিওনাল ইমিগ্রেশন ব্যুরোতে যাওয়ার জন্য তাঁর কাছে পর্যাপ্ত অর্থ নেই। এ ছাড়া আরেকটি কারণ ছিল আত্মসমর্পণের, সেটি হলো তিনি তাঁর সঙ্গীকে ত্যাগ করতে চেয়েছিলেন।

জাপানে আটক অবৈধ অভিবাসীদের সাহায্য কাজ করে অলাভজনক সংস্থা স্টার্ট। এ সংস্থার পরিচালক ইয়াসুনোরি মাতসুই। তিনি জানান, রাথনায়েকে জাপান ছেড়ে শ্রীলঙ্কায় যেতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি মত পরিবর্তন করেন। কারণ, তাঁর সঙ্গী তাঁকে দুটি চিঠি দিয়েছিলেন। ওই সঙ্গী তাঁকে হুমকি দিয়েছিলেন যে তিনি যদি জাপান ত্যাগ করেন, তবে তাঁকে সাজা পেতে হবে। মাতসুই জানান, রাথনায়েকের ধারণা, তাঁকে হত্যা করবে ওই সঙ্গী। ২০২০ সালের ডিসেম্বরে রাথনায়েকের সঙ্গে দেখা করে এসব কথা জানতে পেরেছিলেন মাতসুই।

রাথনায়েকের এ অবস্থা ২০২১ সালের মার্চে জানতে পেরেছিল তাঁর পরিবার। টোকিওর শ্রীলঙ্কার হাইকমিশনকে ওই সময় জানানো হয়েছিল, রাথনায়েকে মারা গেছেন। কিন্তু পরিবার এ তথ্য প্রথমে বিশ্বাস করেনি। তারা ছবি চেয়েছিল জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ এতে কোনো সাড়া দেয়নি। এরপর তাঁর দুই বোন জাপানে যান।

রাথনায়েকের বোন পূর্ণিমা জানান, তাঁকে ঠিক চেনা যাচ্ছে না। তাঁর ত্বক কুচকে গিয়েছিল। সাত মাস আটক থাকায় ২০ কেজি ওজন কমেছিল তাঁর। কেন এই অবস্থা হয়েছিল সেই তথ্য জানতে চেয়েছিলেন পূর্ণিমা। তাঁরা ওই আটককেন্দ্রের ভিডিও দেখতে চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ ভিডিও দেখাতে অস্বীকৃতি জানায়।

রাথনায়েকে একা এমন পরিণতি বরণ করেছেন—বিষয়টা এমন নয়। জাপান লয়ার্স নেটওয়ার্ক ফর রিফিউজির দেওয়া তথ্য অনুসারে, ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত ২৭ জন আটক অভিবাসী প্রাণ হারিয়েছেন এখানে। কিন্তু রাথনায়েকের মৃত্যুর পর জাপানের এ অবৈধ অভিবাসী আটককেন্দ্রের স্বচ্ছতার বিষয়টি সামনে এসেছে। আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখেও পড়েছে তারা। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সের স্কুল অব ল-এর গবেষক সানি ফুজিতা জানান, সবচেয়ে বড় সমস্যা হলো জাপানে অভিবাসন বিভাগের ব্যাপক ক্ষমতা। কারও কাছে তাদের জবাবদিহি করতে হয় না।

উইশমা রাথনায়েকে মারা গেছেন ২০২১ সালের ৬ মার্চ। জাপানে আটক অভিবাসীদের অবস্থা এখনো একই রকম রয়েছে। এ অবস্থার পরিবর্তনে প্রচার চালাচ্ছেন তাঁর দুই বোন ওয়েওমি ও পূর্ণিমা।