জাপানে এটিএম বুথে জালিয়াতির ঘটনায় আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মে মাসে সংঘটিত ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় এটিএম বুথ কেলেঙ্কারির ঘটনায় চার ব্যক্তিকে আটক করেছে জাপানের পুলিশ। এর আগে মে মাসে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছিল।

১৫ মে মাত্র দুই ঘণ্টায় ১০০ সদস্যের একটি সংগঠিত অপরাধী চক্র জাপানের ১ হাজার ৭০০টি এটিএম বুথ থেকে ১ কোটি ৭৮ লাখ ডলার সরিয়ে নেয়। অর্থ সরাতে দক্ষিণ আফ্রিকার স্ট্যান্ডার্ড ব্যাংকের কিছু ভুয়া হিসাব ব্যবহার করে জালিয়াতেরা। ঘটনার আড়াই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জানা যায়নি কীভাবে এতসংখ্যক অপরাধী সংঘবদ্ধ হয় এবং কী উপায় ব্যবহার করে তারা এ অর্থ সরায়।

তদন্তকারীরা বলছেন, নতুন যে চারজনকে আটক করা হয়েছে, তারা জাপানের বিভিন্ন অঞ্চলের পাঁচটি এটিএম বুথ থেকে ৩৮ লাখ ইয়েন (৩৮ হাজার ডলার) উঠিয়ে নিয়েছিল। ১৫ মে সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ৭টা ৫৪ মিনিটের মধ্যে তারা এ কাজ করে।

তদন্তকারীরা বার্তা সংস্থা এএফপিকে জানায়, আটক হওয়া চারজনের একজন তাকানারি ফুকুদা (৪৯) জাপানের সবচেয়ে বড় অপরাধী সংগঠন ইয়াকুজার সঙ্গে জড়িত।

এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার স্ট্যান্ডার্ড ব্যাংক। ব্যাংকটির দাবি, এ ঘটনায় তাদের ক্ষতির পরিমাণ ১ কোটি ৯০ লাখ ডলার।