জাপানে করোনা শনাক্ত ও মৃত্যু বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে করোনার সংক্রমণ বাড়ছে।
ছবি: রয়টার্স

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খাচ্ছে জাপান। ডিসেম্বরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এখানে। সংক্রমণ কমার কোনো লক্ষণ চোখে পড়ছে না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে জাপানে। শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সরকার যেন হাত গুটিয়ে বসে আছে। কবে টিকা আসবে এবং টিকা অগ্রাধিকার ভিত্তিতে কে কখন পাবেন, তা ঠিক করার বাইরে বলিষ্ঠ আর কোনো পদক্ষেপ সরকারকে নিতে দেখা যাচ্ছে না।

গতকাল বুধবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে এক দিনে ৩ হাজার ২৭১ জনের করোনা শনাক্তের খবর দিয়েছিল। গতকাল সেখানে করোনাভাইরাসে মারা গেছেন ৫৬ জন। করোনায় জাপানে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল এটাই। আজ বৃহস্পতিবার আবার সেই রেকর্ড ভেঙে গেছে। আজ করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৩ জনের। রাজধানী টোকিওতে এক দিনে ৮৮৮ জনের করোনা শনাক্তের খবর পেয়েছে নগর প্রশাসন, যা টোকিওতে এক দিনের সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। তাঁদের মধ্যে ৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে।

করোনা সংক্রমণ বাড়লেও নতুন করে লকডাউন কিংবা জরুরি অবস্থা ঘোষণার চিন্তা করছে না জাপান সরকার। প্রথম জরুরি অবস্থার বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া নিয়ে সরকারের মাথাব্যথা এখনো কাটেনি। ফলে সেই পথে এখন আর জাপান সরকার হাঁটতে চাইছে না। তবে কিছু নিয়ন্ত্রণব্যবস্থা সীমিত আকারে আবারও আরোপ করা হচ্ছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা গতকাল সাংবাদিকদের বলেছেন, খেলাধুলার বড় আয়োজনের জায়গাগুলোতে দর্শক গ্রহণের সর্বোচ্চ অনুমোদিত সংখ্যা ১০ হাজার থেকে কমিয়ে ৫ হাজারে নির্ধারণের সিদ্ধান্ত সরকার নিয়েছে। এ নির্দেশনা ১১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

টোকিওর গভর্নর ইয়ুরিকো কোইকে আসন্ন নববর্ষ ও বছর শেষের ছুটিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছেন। ভাইরাস প্রতিরোধে অন্যান্য পদক্ষেপ গ্রহণের জন্যও উপদেশ দিয়েছেন তিনি। ছুটির সময়ে বাড়িতেও মাস্ক ব্যবহারের অনুরোধ করেছেন কোইকে। টোকিওর পার্শ্ববর্তী কয়েকটি জেলাতেও একই উপদেশ দেওয়া হয়েছে।

জাপান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কারা টিকা পাবেন, সে পরিকল্পনা ঠিক করেছে। পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ নাগাদ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রথম দল হিসেবে টিকা নিতে পারবেন। এর পরের তালিকায় আছেন বয়স্ক লোকজন। ২০২১ সালের মার্চে যাঁদের বয়স ৬৫ বছর কিংবা বেশি হবে, তালিকায় তাঁরা সবাই অন্তর্ভুক্ত থাকবেন। মার্চের শেষ দিকে তাঁদের টিকা দেওয়া শুরু হবে। এরপর আছেন স্বাস্থ্য সমস্যায় যাঁরা ভুগছেন, সে রকম লোকজন। ফলে প্রথম দফার টিকাদান কর্মসূচি শেষ হতে বেশ কয়েক মাস লেগে যাবে। জাপান সরকার অবশ্য চাইছে, জুলাইয়ের শেষ দিকে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই জাপানে সবাইকে টিকার আওতায় আনতে।

আয়োজকেরা অলিম্পিকের তোড়জোড় অব্যাহত রাখলেও আয়োজনকে ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। জাপানিদের ৮০ শতাংশ মনে করেন, টিকা ভাইরাস মোকাবিলায় সফল প্রমাণিত হলেও অলিম্পিকের আয়োজন সম্ভব হবে না। টিকা বিশ্বজুড়ে ছড়িয়ে না দিতে পারলে কেবল জাপানের একার সমস্যা সমাধানে কোনো কাজ হবে না বলে মনে করেন অধিকাংশ জাপানি।

করোনা নিয়ে জাপানের অর্থনীতিতেও চলছে সংকট। দুর্দিনে ভোক্তা চাহিদার ব্যাপক পতন হওয়ায় কেনাকাটা গেছে কমে। ফলে ভুগছে জাপান। এ অবস্থা কত দিন চলবে, তা জানা নেই। তবে জাপান সরকার আশা করছে, টিকাদান কর্মসূচি শেষে আলোর দেখা হয়তো পাওয়া যাবে।