জাপানে করোনার নতুন ধরন, সীমান্ত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে
ছবি : রয়টার্স
যুক্তরাজ্যে চিহ্নিত হওয়া নতুন ধরনের করোনাভাইরাস ইতিমধ্যে যেসব দেশে ছড়িয়ে পড়েছে, সেসব দেশ থেকে যাঁরা জাপানে ঢুকবেন, তাঁদের সেই দেশত্যাগের আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

জাপানে করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হয়েছে গতকাল শনিবার। এরপর জাপান সরকার বিদেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্য দেশের সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু করে জানুয়ারি মাসের শেষ দিক পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি এখন টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজন হচ্ছেন উড়োজাহাজচালক। তিনি ১৬ ডিসেম্বর লন্ডন থেকে টোকিও ফিরেছিলেন। তাঁর পরিবারের এক নারী সদস্যদের ক্ষেত্রেও নতুন ধরনটি শনাক্ত হয়েছে।

গত শুক্রবার জাপান সরকার বলেছিল, যুক্তরাজ্য থেকে ফেরার পর পাঁচ ব্যক্তি করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণের পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন।

অবশ্য তাঁদের সবার বয়স ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত বয়সসীমা ৭০ বছরের কম। এর ঠিক পরপর সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা সীমান্তে নিয়ন্ত্রণ কঠোর করার জন্য সরকারকে সতর্ক করে দেন। তাঁদের নির্দেশনা অনুযায়ী নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত গ্রহণ করেছে জাপান সরকার।

বিদেশে জাপানের দূতাবাসগুলো আগামীকাল সোমবার থেকে ভ্রমণকারীদের জন্য ভিসা দেওয়া বন্ধ রাখবে। অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থাও এ সময় স্থগিত থাকবে।

জাপানি নাগরিকদের পাশাপাশি জাপানে বসবাসের অনুমতি থাকা বিদেশিদের অবশ্য শর্ত সাপেক্ষে জাপানে ঢুকতে দেওয়া হবে। যুক্তরাজ্যে চিহ্নিত হওয়া নতুন ধরনের করোনাভাইরাস ইতিমধ্যে যেসব দেশে ছড়িয়ে পড়েছে, সেসব দেশ থেকে যাঁরা আসবেন, তাঁদের দেশত্যাগের আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। জাপানে পৌঁছানোর পর আবারও ভাইরাসের পরীক্ষা দিতে হবে। তবে থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ ১০টি দেশ ও ভূখণ্ডের ব্যবসায়ী ও ছাত্ররা এ নিয়ন্ত্রণের আওতামুক্ত বিবেচিত হবেন।

জাপানে গতকাল শনিবার এক দিনে ৩ হাজার ৮৮৩টি নতুন সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা দেশটির দৈনিক হিসাবে নতুন জাতীয় রেকর্ড। পাশাপাশি একই দিনে ৪৭ জন করোনায় মারা গেছেন। রাজধানী টোকিওতে গতকাল করোনা শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। সেখানে এক দিনে ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জাপানের রাজধানীতে গতকাল শনিবার পর্যন্ত সাত দিনে ভাইরাস শনাক্ত হওয়ার দৈনিক গড় ছিল ৭১১ জনের বেশি।

থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ ১০টি দেশ ও ভূখণ্ডের ব্যবসায়ী ও ছাত্ররা জাপানের নতুন নিষধাজ্ঞার আওতামুক্ত বলে বিবেচিত হবেন।

ভাইরাস সামাল দেওয়ার পদক্ষেপ নিয়ে জাপানকে এখন আবার নতুন করে ভাবতে হচ্ছে। সীমান্ত বন্ধ করে দেওয়ার বাইরে আর কী করা দরকার, তা এখনো ঠিক করে উঠতে পারেনি জাপান সরকার। নাগরিকদের মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো উপদেশ নিয়মিতভাবে দিচ্ছে সরকার। তবে অভিযোগ উঠেছে, সরকারের ভেতরেও অনেকে নিয়ম মানার দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছেন না।

জাপানের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দল এলডিপির একজন আইনপ্রণেতা গত শুক্রবার প্রায় ৩০ জনকে নিয়ে অনেক রাত পর্যন্ত পানাহারে মত্ত ছিলেন। অতিরিক্ত মদ্যপান থেকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতে হয়। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাও এর আগে দলের মহাসচিবকে নিয়ে একই দিনে দুটি নৈশভোজে যোগ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। একটি নৈশভোজে ৩০ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন। অনেকেই এখন বলতে শুরু করেছেন, সরকার নিজে দৃষ্টান্ত স্থাপন করতে না পারায় তাঁদের উপদেশ নাগরিকেরা গুরুত্বের সঙ্গে নিতে পারছেন না।

অন্যদিকে, করোনার টিকা কবে নাগাদ জাপানে এসে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত করতে পারেনি জাপান সরকার। সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে, জানুয়ারি মাসের শেষ দিকে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের টিকা দেওয়ার মধ্যে দিয়ে জাপানে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে।