জাপানে জায়ান্ট পান্ডার যমজ শাবকের জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: রয়টার্স

জায়ান্ট পান্ডা শিন শিনের বসবাস জাপানের রাজধানী টোকিওর উয়েনো চিড়িয়াখানায়। সেখানেই গতকাল বুধবার পান্ডাটি যমজ শাবকের জন্ম দিয়েছে। এর মধ্য দিয়ে চার বছর পরে ওই চিড়িয়াখানায় কোনো পান্ডাশাবকের জন্ম হয়েছে। তবে শাবক দুটি ছেলে নাকি মেয়ে, সেটা এখনো জানায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে জায়ান্ট পান্ডা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এখন এ প্রজাতির মাত্র কয়েক হাজার পান্ডা টিকে আছে। বুনো কিংবা চিড়িয়াখানার আবদ্ধ পরিবেশ—উভয় জায়গাতেই জায়ান্ট পান্ডার বংশ বৃদ্ধি করানো বেশ কঠিন। জায়ান্ট পান্ডার একসঙ্গে দুটি শাবকের জন্ম দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না।

একসঙ্গে দুটি পান্ডাশাবকের জন্মের বিষয়ে উয়েনো চিড়িয়াখানার পরিচালক ইয়ুতাকা ফুকুদা সাংবাদিকদের বলেন, ‘প্রথমবারের মতো এখানে পান্ডার যমজ শাবকের জন্ম হয়েছে। দ্বিতীয় শাবকটির জন্মের খবর শুনে আমি খুশিতে চিৎকার করেছিলাম।’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি শাবককে ইনকিউবেটরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে চিড়িয়াখানাটির মুখপাত্র নাওয়া ওহাসি বলেন, ‘মা পান্ডাটি যখন একটি শাবককে দুধ খাওয়াবে, ওই সময় আমরা অন্য শাবকটিকে ইনকিউবেটরে রাখব।’

শিন শিনের বয়স ১৫ বছর। তার সঙ্গীর নাম রি রি। দুটি পান্ডাকেই চীন থেকে জাপানে আনা হয়েছিল। এর আগে ২০১৭ সালে জিয়াং জিয়াং নামে আরেকটি শাবকের জন্ম দেয় শিন শিন।

২০১২ সালেও শিন শিন আরেকটি শাবকের জন্ম দিয়েছিল। তার আগের দুই যুগের মধ্যে এটা ছিল ওই চিড়িয়াখানায় পান্ডাশাবকের জন্মের প্রথম ঘটনা। তবে মাত্র ছয় দিনের মাথায় ওই শাবক মারা যায়। এবার একসঙ্গে দুটি শাবকের জন্ম দিল শিন শিন। কয়েক সপ্তাহ আগে শিন শিনের গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।