জাপানে তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো দ্বীপের অবিহিরো এলাকায় তুষারে আচ্ছাদিত একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। গতকাল বুধবার ছবিটি তোলা। ছবি: এএফপি
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো দ্বীপের অবিহিরো এলাকায় তুষারে আচ্ছাদিত একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। গতকাল বুধবার ছবিটি তোলা। ছবি: এএফপি

জাপানে ভারী তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। আজ শুক্রবার দেশটির আবহাওয়ার পূর্বাভাসে এই খারাপ আবহাওয়া থাকবে বলে জানানো হয়। এরই মধ্যে কিছু কিছু স্থানে ৭৯ ইঞ্চির বেশি তুষার জমেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, তুষারপাতের পাশাপাশি জাপানের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে গত কয়েক দিনে প্রচুর তুষার জমেছে। এতে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।
ইয়োমিউরি শিমবুন পত্রিকার খবরে জানানো হয়, ৭৯ বছরের এক বৃদ্ধ ও একজন দমকলকর্মীসহ ১১ জন মারা গেছেন। ওই দমকলকর্মী তুষার পরিষ্কার করতে গিয়ে গর্তে পড়ে প্রাণ হারান।
কয়েকজন সরকারি কর্মকর্তা জানান, জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো ও কিয়োডো দ্বীপে দুজন বয়স্ক নারী মারা গেছেন। এ ছাড়া হিরোশিমায় তুষার আবৃত পথে দুর্ঘটনায় আরেক ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানায়। তুষারের ওপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটছে। এতে আহত হয়েছেন বহু লোক। 
দেশটির সরকারি কর্মকর্তাদের তথ্য ও গণমাধ্যমের খবর অনুযায়ী, বৈরী আবহাওয়ার কারণে কয়েক শ ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট বেশি। দেশটির জনপ্রিয় ‘বুলেট ট্রেন’ চলাচলের সময়সূচিও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।