জাপানে প্রতি পাঁচ কোম্পানির একটিতে মৃত্যুর ঝুঁকি
জাপানে প্রতি পাঁচটির মধ্যে একটির বেশি কোম্পানিতে এমন অবস্থা যে অতি খাটুনিতে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন কর্মীরা।
দেশটির সরকারের একটি নতুন জরিপের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জাপানে প্রতিবছর অত্যধিক পরিশ্রমের প্রভাবে স্ট্রোক, হার্ট অ্যাটাক, আত্মহত্যাসহ নানাভাবে শত শত কর্মীর মৃত্যুর খবর মেলে। দেশটিতে এই বিষয়টি একটি গুরুতর স্বাস্থ্যগত সমস্যা। এই সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নিতে বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হচ্ছে।
অত্যধিক পরিশ্রমে মৃত্যুর বিষয়ে দেশটির প্রথম শ্বেতপত্রের অংশ হিসেবে ওই জরিপ চালানো হয়। জাপানের মন্ত্রিপরিষদ গত শুক্রবার জরিপটি অনুমোদন করেছে।
জাপানে প্রতিষ্ঠানের জন্য শ্রমিকদের অত্যধিক খাটুনির ধারা পরিবর্তিত হচ্ছে। তবে দেশটিতে এখনো অনেক শ্রমিক দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে থাকেন।
২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারির মধ্যে পরিচালিত জরিপে ২২ দশমিক ৭ শতাংশ কোম্পানি জানিয়েছে, তাদের কিছু কর্মী এক মাসে ৮০ ঘণ্টার বেশি অতিরিক্ত সময় কাজ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ২১ দশমিক ৩ শতাংশ জাপানি কর্মচারী সপ্তাহে গড়ে ৪৯ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করেন।
জাপানি কর্মচারীরা তাদের কাজের ক্ষেত্রে উচ্চমাত্রায় চাপ অনুভব করেন বলেও জরিপে উল্লেখ করা হয়।