জাপানে বাণিজ্যিক ভবনে আগুন, ২৭ জন নিহত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে চলছে উদ্ধারকাজ। ওসাকা, জাপান, ১৭ ডিসেম্বর
ছবি: রয়টার্স

জাপানের ওসাকা শহরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৭ জনের প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। আজ শুক্রবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যে ভবনটিতে আগুন লেগেছে সেটি আটতলা। এর পঞ্চম তলায় আগুন লেগেছিল। কিডো নিউজের খবরে বলা হয়েছে, ওসাকা শহরের পুলিশের তদন্ত দলের একটি সূত্র বলেছে, ধারণা করা হচ্ছে, ভবনটিতে আগুন দেওয়া হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ওসাকার শহরের অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ২৭ জন প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। জাপান কোনো দুর্ঘটনায় নিহতের সংখ্যা সহসা উল্লেখ করা হয় না। তাই ধারণা করা হচ্ছে, ওই ২৭ জন মারা গেছেন।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, ভবনটির পঞ্চম তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। সেখানে একটি মানসিক ক্লিনিক রয়েছে। আজ সকাল ১০টার দিকে ওই ক্লিনিক খোলার পরই আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ৩০ মিনিটের মধ্যে এই ভবনে থাকা মানুষদের বের করে আনা হয়।

এনএইচকের খবরে বলা হয়েছে, ভবনটির অন্যান্য ফ্লোরে রয়েছে একটি ইংলিশ মিডিয়াম স্কুল, বিউটি সেলুন। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, এক নারী সাহায্য চেয়ে জানালা দিয়ে চিৎকার করছিল।

জাপানের কিওটো শহরে এর আগে একটি অ্যানিমেশন আগুন লাগানো হয়েছিল। ২০১৯ সালের ওই ঘটনায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।